ঢাকা-১১ আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী মো. নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। গত রোববার জাতীয় পার্টির সমর্থিত লাঙ্গল প্রতীকের প্রার্থী শামীম আহমেদ এ রিট দায়ের করেন। সোমবার রিটকারীর আইনজীবী মোহাম্মদ
মজনু মোল্যা জানান, হাইকোর্টের সংশ্লিষ্ট বিভাগে রিটটি দায়ের করেছেন। পরে আইনজীবী মজনু মোল্যা জানিয়েছেন, আজ মঙ্গলবার রিটটি শুনানির জন্য উপস্থাপন করা হবে। হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।
রিটে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, রিটার্নিং অফিসার ও নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে। আবেদনে বলা হয়েছে, নাহিদ ইসলাম ২০২৫ সালের ২০শে এপ্রিল ক্যারিবিয়ান দ্বীপ রাষ্ট্র ডোমিনিকারের নাগরিকত্ব গ্রহণ করেছেন।
ঢাকা-১১ আসনটি গুলশান ও সবুজবাগ এলাকার ভোটারদের নিয়ে গঠিত।
এ আসনে প্রার্থী হয়েছেন বিএনপি’র এম এ কাইয়ুম, এনসিপি’র মো. নাহিদ ইসলাম, স্বতন্ত্র কহিনূর আক্তার বীথি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের কাজী মো. শহীদুল্লাহ, গণফোরামের মো. আবদুল কাদের, গণঅধিকার পরিষদের মো. আরিফুর রহমান, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. জাকির হোসেন, ন্যাশনাল পিপলস্? পার্টির মো. মিজানুর রহমান, জাতীয় পার্টির শামীম আহমেদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ।
এদিকে নাহিদ ইসলাম ডোমিনিকার নাগরিকত্ব নিয়েছেন দাবিতে প্রচারিত পাসপোর্টের ছবিটি আসল নয় বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। প্রতিষ্ঠানটি বলছে, প্রকৃতপক্ষে, ইন্টারনেট থেকে ডোমিনিকান পাসপোর্টের একটি নমুনা বা টেম্পলেট সংগ্রহ করে তাতে নাহিদ ইসলামের ছবি ও স্বাক্ষর ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যুক্ত করে এই ভুয়া পাসপোর্টটি তৈরি করা হয়েছে।
এবার নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
স্টাফ রিপোর্টার
১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
