পারিবারিক কলহের জেরে নিজের গায়ে আগুন, সৌদিপ্রবাসীর মৃত্যু

ফন্ট সাইজ:

রাজধানীর সূত্রাপুরে পারিবারিক কলহের জেরে নিজের শরীরে আগুন ধরিয়ে দেয়া সৌদিপ্রবাসী মো. ইমন সিদ্দিক (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার পৌনে ১২টার দিকে (২০শে সেপ্টেম্বর) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ বলেন, নিহত ইমনের শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। সিদ্দিকের শরীরের ৩৫ শতাংশ, রাজীবের ১৫ শতাংশ, আরিফের ৮ শতাংশ ও তানিয়ার ৬০ শতাংশ পুড়ে গেছে। তারা ইনস্টিটিউটে ভর্তি আছেন।

এর আগে শনিবার বিকালে সূত্রাপুরের শ্যামবাজার চামারটুলি এলাকার নিজ বাসায় নিজের গায়ে আগুন দিয়েছিলেন সৌদিপ্রবাসী ইমন। এ সময় আগুনে পরিবারের আরও ৪ জন দগ্ধ হন। যারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইমন শুক্রবারই দেশে ফিরেছিলেন, পরদিন তিনি এমন ঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন স্বজনরা। দগ্ধরা হলেন- সিদ্দিক মেম্বার (৬০), দুই ভাগ্নে মো. রাজীব (৩৫) ও মো. দুলু ওরফে আরিফ (৩৬) এবং ভাতিজি তানিয়া (১৭)।

দগ্ধ আরিফুরের স্ত্রী সোনিয়া আক্তার জানান, শুক্রবার (১৮ই সেপ্টেম্বর) বাসার সামনে ময়লা পানি জমিয়ে রাখা নিয়ে ইমনের বোন সুলতানার সঙ্গে ফুপাতো বোন তানিয়ার বাকবিতণ্ডা হয়। তানিয়া ময়লা পানি পরিষ্কার করতে বললে সুলতানা বিষয়টি সৌদিপ্রবাসী তার ভাই ইমনকে জানান। এদিকে ইমন শুক্রবারই দেশে ফিরে আসেন। শনিবার বিকালে এই কলহের জেরে ইমন সবাইকে হুমকি দিয়ে বলেন, “আমিও মরবো, তোদেরও মারবো।” এই কথা বলেই তিনি নিজ কক্ষে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে কক্ষে থাকা সবাই দগ্ধ হন।