সুনামগঞ্জের তাহিরপুরে পারিবারিক কলহের জের ধরে তিন শিশুসন্তানকে বিষপানে হত্যার ঘটনায় মামলা প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। নিহত শিশুদের পরিবারের পক্ষ থেকে এখনো থানায় লিখিত অভিযোগ দেয়া হয়নি। তবে অভিযোগ না পেলেও পুলিশ বাদী হয়ে মামলা করবে বলে জানিয়েছে। এদিকে বিষপান করে গুরুতর অসুস্থ বাবা সরাফত আলী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশের নজরদারিতে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা তাকে আইসিইউতে নেয়ার পরামর্শ দিলেও সিট খালি না থাকায় তা সম্ভব হচ্ছে না।
এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজন ও এলাকাবাসীর মধ্যে বিরাজ করছে নীরবতা ও আতঙ্ক। নিহত তিন শিশু হলোÑ সরাফত আলীর মেয়ে মাওয়া আক্তার (১০), ছেলে শামিম মিয়া (৭) ও তামিম মিয়া (২)। শনিবার সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে সন্ধ্যার দিকে তিন শিশুর লাশ তাহিরপুর সীমান্তবর্তী রজনী লাইন গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। লাশ বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। পরে জানাজা শেষে বাড়ির পাশের কবরস্থানে পাশাপাশি তিন শিশুকে দাফন করা হয়। গ্রামবাসী জানান, একই পরিবারের তিন শিশুর একসঙ্গে জানাজা ও দাফনের এমন হৃদয়বিদারক ঘটনা তারা আগে কখনো দেখেননি।
সূত্র মতে প্রায় দুই বছর পর দেশে ফিরে সংসারের আর্থিক অবস্থার তেমন পরিবর্তন না দেখে স্বামীর সঙ্গে ফাতেমার মনোমালিন্য বেড়ে যায়। ঘটনার চারদিন আগে তিনি আবার সৌদি আরবে চলে যান। শনিবার রাত ২টার দিকে ঢাকা বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন তিনি। এর কিছু সময় পরই ঘটে মর্মান্তিক এ ঘটনা।
রোববার সকালে সরাফত আলীর বাড়িতে গিয়ে দেখা যায়, পুরো বাড়িতে সুনসান নীরবতা। স্বজনরা কান্নাকাটি করছেন। ঘরটি তালাবদ্ধ। আতঙ্কে কেউ ঘরের কাছেও যাচ্ছেন না। বাড়ির পাশেই পাশাপাশি তিনটি কবর খুঁড়ে শিশুদের দাফন করা হয়েছে। নতুন বাঁশের বেড়া দিয়ে কবরস্থানটি ঘিরে রাখা হয়েছে। প্রতিবেশী রফিকুল ইসলাম বলেন, ‘এমন ঘটনা এর আগে আমাদের এলাকায় কখনো ঘটেনি।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদ বলেন, ‘এ ঘটনায় মামলার প্রস্তুতি নেয়া হয়েছে। নিহত শিশুদের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ দেয়া হয়নি। তবে তারা অভিযোগ না দিলেও পুলিশ বাদী হয়ে মামলা করবে।’ সরাফত আলীর চিকিৎসার বিষয়ে ওসি বলেন, ‘বিষপানে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা তাকে আইসিইউতে নেয়ার পরামর্শ দিয়েছেন। তিনি পুলিশের নজরদারিতে রয়েছেন।’
