লংমার্চ নিয়ে পোস্ট গাজীপুরের পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

ফন্ট সাইজ:

ঢাকা-রংপুর লংমার্চ নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দেয়ার ঘটনায় অতিরিক্ত স্টাফ অফিসার খন্দকার জালাল উদ্দীন মাহমুদকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়েছে। খন্দকার জালাল উদ্দীন মাহমুদ পুলিশ কমিশনারের স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বর্তমানে তাকে জিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
শনিবার ঢাকা-রংপুর লংমার্চের অংশ হিসেবে গাজীপুরের ভোগড়া বাইপাসে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়। এতে জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ জোটের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

পরে জিএমপি’র অফিসিয়াল ফেসবুক পেজে লংমার্চ নিয়ে একটি পোস্ট দেয়া হয়। এতে পথসভা, জনসমাগম এবং পুলিশের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার তথ্য তুলে ধরা হয়। পোস্টে প্রায় ৮ থেকে ১০ হাজার মানুষের সমাগমের কথাও উল্লেখ করা হয়।

পোস্টটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হলে পরে সেটি সংশোধন করে সরিয়ে নেয়া হয়। এরপরই সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রত্যাহার ও শোকজ করা হয়।
এ বিষয়ে জিএমপি’র ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান বলেন, অফিসিয়াল ফেসবুক পেজে কোনো তথ্য প্রকাশের আগে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা প্রয়োজন ছিল। কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তা পোস্ট দেয়ার আগে অনুমোদনকারী কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেননি। এ কারণে তাকে প্রত্যাহার করে হেডকোয়ার্টারে সংযুক্ত করা হয়েছে। তিনি বলেন, বিষয়টি প্রশাসনিকভাবে দেখা হচ্ছে এবং শোকজের জবাব পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।