সত্য ঘটনা অবলম্বনে ‘চিরকুট’

সত্য ঘটনা অবলম্বনে ‘চিরকুট’

ফন্ট সাইজ:

আসন্ন দুর্গাপূজায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্র ‘চিরকুট’। মুনতাসির আকিব পরিচালিত সিনেমাটি নির্মিত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নব্বইয়ের দশকে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে। এটি নির্মাতার প্রথম ফিচার চলচ্চিত্র। ক্যাম্পাসের তারুণ্যের উচ্ছ্বাস, বন্ধুত্ব, প্রেম ও নস্টালজিয়াকে ঘিরে এগিয়েছে ‘চিরকুট’র গল্প। সিনেমাটির গল্প ও চিত্রনাট্যও লিখেছেন মুনতাসির আকিব। নির্মাতা জানান, নব্বইয়ের দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা থেকেই সিনেমাটির গল্পের ভাবনা এসেছে।

সে সময়ের আবেগ, সম্পর্ক ও স্মৃতির সঙ্গে বর্তমান প্রজন্মের দর্শকদের সংযোগ তৈরি করাই ছিল নির্মাণের অন্যতম উদ্দেশ্য। মুনতাসির আকিব বলেন, সময়ের ব্যবধানের কারণে নব্বইয়ের দশকের পোশাক, ক্যাম্পাসের পরিবেশ ও তৎকালীন জীবনযাপনের নানা অনুষঙ্গ হুবহু তুলে ধরা সহজ ছিল না। তবে দর্শক যেন সিনেমাটি দেখার সময় সেই সময়ের আবহে ফিরে যেতে পারেন, সেই চেষ্টা করা হয়েছে। ‘চিরকুট’-এ অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুন মিম, কাজী নওশাবা আহমেদ, সুমন পাটোয়ারী, তেহজিব, আবদুল্লাহ আল সেন্টুসহ অনেকে। সিনেমাটির চারটি গানে কণ্ঠ দিয়েছেন- রেহান রাসুল, মাশা, মেহেদী সরকার ও স্নেহাশিস চক্রবর্তী অভি।