‘বহ্নি’ হয়ে আসছেন শাকিলা

‘বহ্নি’ হয়ে আসছেন শাকিলা

ফন্ট সাইজ:

শাকিলা পারভীন প্রথম আলোচনায় আসেন আট বছর আগে মাহদী সুলতানের গাওয়া ‘তোর মন পাড়ায়’ গানটিতে মডেল হিসেবে কাজ করে। গানটির মিউজিক ভিডিও এখন পর্যন্ত ১৭ কোটিরও বেশি দর্শক উপভোগ করেছেন। এরপর আরও বেশ কিছু ভালো গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেন তিনি। নাটক এবং সিনেমাতেও অভিনয় করেছেন। তবে বিয়ের পর শাকিলা পারভীন আগের মতো আর অভিনয়ে নিয়মিত নেই। এরই মধ্যে তিনি আল আমিন স্বপনের গল্পে সাজিন আহমেদ বাবুর পরিচালনায় ‘আমরা ভাইরাল’ ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। এ নাটকে বহ্নি চরিত্রে দেখা যাবে তাকে।

আগামী ২৪শে সেপ্টেম্বর থেকে একটি ইউটিউব চ্যানেলে ধারাবাহিক এই নাটকটির প্রচার শুরু হবে। শাকিলা বলেন, এর আগেও আমি সাজিন আহমেদ বাবু ভাইয়ের পরিচালনায় অভিনয় করেছি। তবে ‘আমরা ভাইরাল’ ধারাবাহিকে অভিনয় করে আমি বেশি তৃপ্ত। কারণ আমার বহ্নি চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ এবং দর্শকের ভালোলাগার মতো একটি চরিত্র। আশা করছি, ৫২ পর্বের এই ধারাবাহিকটি সবার ভালো লাগবে। পরিচালক সাজিন আহমেদ বাবুর ভাষ্য, দর্শকদের বিনোদনের পাশাপাশি সমসাময়িক বাস্তবতার নানা দিক হাস্যরসের মোড়কে তুলে ধরা হয়েছে এই ধারাবাহিকে।

শাকিলা এই ধারাবাহিকে অভিনয় করার সুযোগ পেয়েছেন মামুনুর রশীদ, আবু হুরায়রা তানভীর, মৌসুমী হামিদ, নাজনীন চুমকি, ফারজানা চুমকি সহ আরও বেশ কিছু শিল্পীর সঙ্গে। শাকিলা অভিনীত সর্বশেষ জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের বিপরীতে ‘সেম সেম বাট ডিফরেন্ট’ নাটকটিতে অভিনয় করেছিলেন।