সন্তান জন্মের পর শরীর নিয়ে নানা মন্তব্যের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সরাসরি কটাক্ষের জবাব না দিলেও মাতৃত্বের পর সৌন্দর্য ও সুস্থতা নিয়ে নিজের বদলে যাওয়া ভাবনার কথা জানিয়েছেন তিনি। ক্যাটরিনার মতে, সুন্দর দেখানোর চেয়ে ভেতর থেকে ভালো থাকাটাই এখন বেশি গুরুত্বপূর্ণ। এক সাক্ষাৎকারে নিজের সৌন্দর্যচর্চা ও জীবনযাপন নিয়ে কথা বলেন অভিনেত্রী। ক্যারিয়ারের শুরুতে সৌন্দর্যের প্রচলিত মানদণ্ডের মুখোমুখি হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, এখন সুন্দর দেখানোর অর্থ তার কাছে নিজের সবচেয়ে ভালো অনুভূতি পাওয়া।
আর সেটি আসে নিজেকে সামগ্রিকভাবে যত্ন নেয়ার মাধ্যমে। ক্যাটরিনা জানান, শরীরের যত্নে সুষম খাবার, নিয়মিত সক্রিয় থাকা ও ধ্যানকে গুরুত্ব দেন তিনি। সকালে ঘুম থেকে উঠে প্রাকৃতিক আলোতে থাকা এবং দিনের প্রথম এক ঘণ্টা স্ক্রিন থেকে দূরে থাকার অভ্যাসও রয়েছে তার।
এসব অভ্যাস তাকে ভেতর থেকে ভালো রাখতে সাহায্য করে বলে জানান অভিনেত্রী। তিনি বলেন, সুস্থ বোধ করার প্রভাব আত্মবিশ্বাসের পাশাপাশি ত্বক ও বাইরের চেহারাতেও পড়ে। সন্তান জন্মের পর তার ওজন ও শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা হলেও এ বিষয়ে সরাসরি কোনো প্রতিক্রিয়া জানাননি ক্যাটরিনা। বর্তমানে সিনেমার পাশাপাশি নিজের মেকআপ ব্র্যান্ড ‘কে বিউটি’র কাজেও মন দিচ্ছেন তিনি।
