পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের দলুগাজীর মোড়ে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের মা ও মেয়ে রয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গলাচিপা উপজেলার কাইয়ুম মিয়া (৫০), শিল্পী রানী (৪০), তিথি রানী (২৩) এবং মিরাজ (২৩)। তারা চারজনই গলাচিপা উপজেলার বাসিন্দা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত অটোরিকশা থেকে হতাহতদের উদ্ধার করেন। গুরুতর আহতদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে পটুয়াখালী শহর থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে গলাচিপা উপজেলার হরিদেবপুরের উদ্দেশে যাচ্ছিল। অটোরিকশাটি দলুগাজীর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তালতলী থেকে ঢাকাগামী ইমরান পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের চাপায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। অটোরিকশায় থাকা চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। মরদেহগুলো উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পটুয়াখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৪
অনলাইন ডেস্ক
অনলাইন
১ ঘন্টা আগে
২০ সেপ্টেম্বর (রবিবার), ২০২৬, ৯ঃ২৯ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
