সন্ধ্যার পর থেকে রাজধানীর বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ৯টা থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে রাজধানীর কমলাপুর রেলস্টেশন, সচিবালয় ও পোস্তগোলা ব্রিজ এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর পাশাপাশি দক্ষিণ কেরানীগঞ্জে থানার সামনে জব্দ করে রাখা একটি পিকআপে আগুন দেয়া হয়। এর আগে সন্ধ্যায় মিরপুরে দুটি বাস এবং মধ্য বাড্ডায় একটি বাসেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রাতে রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এলাকায় পরপর এসব বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নগরজুড়ে উদ্বেগ তৈরি হয় ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত পৌনে ১১ টার দিকে রাজধানীর পল্টনে সচিবালয় মেট্রোরেল স্টেশন সংলগ্ন রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলে যাচ্ছি। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সে বিষয়টি আমরা শনাক্তের চেষ্টা করছি। তাৎক্ষণিকভাবে বিস্ফোরণে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানা যায়নি।
এত আগে রাত সাড়ে ১০ টার দিকে কমলাপুর রেলস্টেশনের ভেতরে ২ নাম্বার প্লাটফর্মে জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এদিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত সাড়ে ৯টার দিকে থানার সামনে মূল সড়কের ওপর জব্দ করে রাখা পিকআপটিতে আগুন দেয় দুর্বৃত্তরা । একই সময়ে পোস্তগোলা ব্রিজের নিচে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজগর আলী বলেন, রাত সাড়ে ৯টার দিকে কে বা কারা জব্দ করা একটি পিকআপে আগুন দেয়। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এই বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
ঢাকা জেলার রেলওয়ে পুলিশ সুপার (এসপি) নিকুলিন চাকমা জানান, দুই নম্বর প্লাটফর্মের নির্জন এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সে বিষয়টি আমরা শনাক্তের চেষ্টা করছি। আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্ম কেন্দ্রিক টহল আরও জোরদার করছি। পরবর্তীতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সে বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করছি। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে সন্ধ্যায় মিরপুরে ২টি বাসে এবং মধ্য বাড্ডায় একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে।
তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। ঘটনায় কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
