পুঠিয়ায় বৃক্ষ বিতরণ ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

ফন্ট সাইজ:

রাজশাহীর পুঠিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ এবং জলজ সম্পদ সংরক্ষণে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলা প্রশাসনের উদ্যোগে পৃথক এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিড়ালদহ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলী। পরে তিনি শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেন।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। উপজেলা প্রশাসন জানায়, জলজ সম্পদ সংরক্ষণ, দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি এবং জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পৃথক এসব কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হাবিবুর রহমান, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান। এ ছাড়া উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস সুমিত, উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার, বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন, বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলালসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা। এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয় এ জন্য নাগরিকদেরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে। পাশাপাশি বৃক্ষরোপণ ও জলজ সম্পদ সংরক্ষণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।