পাবনায় পিয়াজ ব্যবসায়ী হত্যা মামলার প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

ফন্ট সাইজ:

পাবনার সাঁথিয়ায় পিয়াজ ব্যবসায়ী আব্দুল আজিজ (৫৫) হত্যা মামলার প্রধান অভিযুক্ত রেজাউল করিম প্রামাণিক ওরফে বাঘাকে নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। শুক্রবার রাজধানীর কাওরান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাহিনীটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক‌ উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী। তিনি জানান, ৭ই সেপ্টেম্বর পাবনার সাঁথিয়া উপজেলার ডাঙ্গামাণু গ্রামের স্থানীয় পিয়াজ ব্যবসায়ী আব্দুল আজিজ নিখোঁজ হন। পরদিন সকালে মিয়াপুর মিনার পাড় এলাকার একটি পুকুরে তার রক্তাক্ত মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যার পর মরদেহ পুকুরে ফেলে রাখা হয়। এ ঘটনায় নিহতের স্বজন সাঁথিয়া থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তে চারজন সন্দেহভাজনের সন্ধান পায় পুলিশ।

তাদের মধ্যে দু’জনকে গ্রেপ্তার করে তিনদিনের রিমান্ডে নেয়া হয়। এসআরবি’র দাবি, জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে চারজনের সম্পৃক্ততার কথা স্বীকার করে। তবে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও প্রধান অভিযুক্ত রেজাউল করিম প্রামাণিক ওরফে বাঘা নিজের অবস্থান পরিবর্তন করে আত্মগোপনে ছিলেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় এসআরবি-১১ ও ১২ এর যৌথ আভিযানিক দল নরসিংদীর মাধবদী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। ইন্তেখাব চৌধুরী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউল নিজেকে নিষিদ্ধ ‘সর্বহারা’ গ্রুপের নেতা বলে দাবি করেছেন। ভুক্তভোগী আব্দুল আজিজের কাছে থাকা মাত্র ২৫ হাজার টাকার লোভে চারজন মিলে তাকে হত্যার পরিকল্পনা করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন রেজাউল।