ফেনীতে সরকার ও আদালতবিরোধী মিছিলে নেতৃত্বদানকারী নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন ছাত্রলীগের প্রধানসহ ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটকদের মধ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ছাড়াও সরকারবিরোধী কার্যক্রমে জড়িত, মাদক কারবারি, সাজা পরোয়ানাভুক্ত আসামি রয়েছে। পুরিশের দাবি, নাশকতার লক্ষ্যে বুধবার দিনগত রাত দেড়টার দিকে ফেনী পৌরসভার মধ্যম চাড়িপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন হাজারী রোডের পশ্চিম মাথায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। এ সময় তারা সরকার ও আদালতবিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল শুরু করে। একপর্যায়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেয়ারও চেষ্টা করে।
পুলিশ সেখানে যাওয়ার খবরে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে পুলিশ ফেনী শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় ফেনী শহরের সালাহউদ্দিন মোড় এলাকা থেকে নোয়াখালীর সেনবাগ উপজেলার ফখরুল ইসলাম (২৩), ইমাম হোসেন (২৪), শহিদুল ইসলাম স্বাধীন (২৩), রোহান পাটোয়ারী (২৩), ফখর (২২), মো. তানিম (২২), গোলাম রাব্বি (২৩) ও নুর ইসলাম (২২) কে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় ফেনী মডেল থানার এসআই মো. মোতাহের হোসেন বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেছেন। এদিকে একই রাতে পরিচালিত বিশেষ পুলিশি অভিযানে ফেনীর বিভিন্ন এলাকা থেকে আরও ১২ মাদক কারবারি, মাদকসেবী ও সাজা পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
ফেনী মডেল থানার ওসি আমিনুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা বিঘ্নকারী ও মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
