চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি’র সদস্যরা। বুধবার দিবাগত রাতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সীমান্ত পিলারের বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জের শাহাবাজপুর কলেজ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ভারতীয় একটি ট্রাক তল্লাশি করে। এ সময় ট্রাকে লুকায়িত অবস্থায় ৭০৮ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ ও ৫টি বেনারসি শাড়ি উদ্ধার করে ট্রাকটি জব্দ করে। জব্দকৃত ভারতীয় ট্রাক, ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ এবং বেনারসি শাড়ির মোট সিজার মূল্য ২ কোটি ৫৭ লাখ ৭৯ হাজার টাকা।
এ ছাড়া গোপন সংবাদে গতকাল সকালে খড়কপুর বিওপি হতে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলারের বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট উপজেলার ভোলাহাট ইউনিয়নের আলীমোড় এলাকায় অভিযান পরিচালনা করে ১৩৫টি ভারতীয় বিভিন্ন মডেলের চোরাই মোবাইল ফোন ও ১টি ইজিবাইক জব্দ করে। যার মোট সিজার মূল্য ৪৯ লাখ ১৫ হাজার টাকা। জব্দকৃত চোরাচালান পণ্যের বিষয়ে বিজিবি’র পক্ষ হতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
