গাইবান্ধার সাঘাটায় চার বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মোন্তাজ আলী ওরফে চেংটুর (৫৫) দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার সাঘাটা ভূমিহীন সমিতি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে সাঘাটা পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলটি পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন সাঘাটা ইউনিয়নের সংরক্ষিত আসনের সাবেক ইউপি সদস্য রাহেলা বেগম, সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আমিনুল ইসলাম, ভূমিহীন সমিতির নেতা শফিকুল ইসলাম শফিক ও নির্যাতিত শিশুটির বাবাসহ স্থানীয়রা। উল্লেখ্য, গত ৮ই সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার হাসিলকান্দি গ্রামে খাবারের প্রলোভন দেখিয়ে ওই শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে।
এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে সাঘাটা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।
