কুমিল্লায় আদালতে হস্তান্তরের আগেই হাতকড়া পরিহিত অবস্থায় এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা আদালত এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, নাঙ্গলকোট থানা থেকে ওই আসামিকে কুমিল্লা আদালতে নেয়া হয়েছিল। তবে আদালতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের প্রক্রিয়া শেষ হওয়ার আগেই তিনি হাতকড়াসহ চম্পট দেন।
ঘটনার পর পরই পালিয়ে যাওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। তবে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়া পরা অবস্থায় কীভাবে তিনি পালিয়ে গেলেন, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুমিল্লা আদালতের ওসি সাদেকুর রহমান।
