সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় শেরপুরের নালিতাবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার বিকাল ও রাতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ওসি আশরাফুজ্জামান। গ্রেপ্তারকৃতরা হলেন- যুবলীগ নেতা তাইবুর রহমান রুবেল, ছাত্রলীগ নেতা হারুনুর রশিদ ও ছাত্রলীগ কর্মী বুলবুল। পুলিশ জানায়, গত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সমর্থনে প্রকাশ্যে মিছিল করা হয়। এসব মিছিলে মশাল ও লাঠিসোটা দেখা যায়। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাদের শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
