রাঙ্গামাটিতে ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৮

ফন্ট সাইজ:

রাঙ্গামাটিতে কোতোয়ালি থানা পুলিশের অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় কলেজ গেট এলাকার মো. মাহাবুব আলমের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। বুধবার দিবাগত রাতে রাঙ্গামাটি পৌর এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএমের নির্দেশনায় কোতোয়ালি থানার ওসি মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি চালায়। পুলিশের তথ্য অনুযায়ী, ইয়াবাসহ গ্রেপ্তার মাহাবুব আলম (৩৮) রাঙ্গামাটি শহরের কলেজ গেট এলাকার বাসিন্দা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। এ ছাড়া মাদক কারবারের অভিযোগে মো. মানিক উদ্দীন (২৫), মো. আকবর আলী (৪৫), মো. জুয়েল (২৩) ও মো. সিদ্দিকুর বাবু (৩৬) কে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানায়। পুলিশ আরও জানায়, দাঙ্গা সংগঠনের অভিযোগে মো. মাসুদ রানা (৩১), মাদক সেবনের অভিযোগে মো. রাশেদ (৩৪) এবং সিআর গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে মো. আবুল কালাম (৪২) কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৫ জনকে আদালতে পাঠানো হয়েছে। অন্যদেরও আদালতে সোপর্দ করা হবে বলে জানায় কোতোয়ালি থানা পুলিশ।