লালপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, আহত ২

ফন্ট সাইজ:

নাটোরের লালপুরে ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ উত্তর লালপুর গ্রামের মো. শহীদুল ইসলাম লাকীর ছেলে ও রওজাতুস সুন্নাহ্‌ কওমি মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। আহতরা হলেন, একই গ্রামের বজলুর রহমানের ছেলে ইমরান (২০) এবং বালিতিতা গ্রামের নাজির হোসেনের ছেলে মনি (২০)। স্থানীয়রা জানান, সকালে আব্দুল্লাহ, ইমরান ও মনি একটি মোটরসাইকেলে করে গোপালপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় শিমুলতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই আব্দুল্লাহর মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিলে প্রাথমিক চিকিৎসার পর তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের জরুরি বিভাগের চিকিৎসক রুমাইয়া হক রাকা বলেন, হাসপাতালে নেয়ার আগেই আব্দুল্লাহর মৃত্যু হয়। আহতদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। লালপুর থানার ওসি শফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে মানবজমিনকে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।