আগামীকাল ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে গাজীপুরের সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছে জামায়াতে ইসলামী। একইসঙ্গে লংমার্চে ছাত্র, শ্রমিক, ব্যবসায়ী, ওলামায়ে কেরামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে শান্তিপূর্ণভাবে অংশ নেয়ার আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার গাজীপুর প্রেস ক্লাবে ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমীর ড. জাহাঙ্গীর আলম স্বাগত বক্তব্য রাখেন। মহানগর জামায়াতের আমীর অধ্যাপক জামাল উদ্দিন ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন।
অধ্যাপক জামাল উদ্দিন বলেন, ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে মনে করা হচ্ছে, গণভোটের রায়, সংস্কার প্রস্তাব ও সংশ্লিষ্ট অঙ্গীকার বাস্তবায়নে কার্যকর অগ্রগতি না হওয়া, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারি ও সংকীর্ণ দলীয়করণসহ বিভিন্ন কারণে দেশে সংকট তৈরি হয়েছে। এসব বিষয় ও দাবিকে সামনে রেখে ১১ দল ধারাবাহিকভাবে রাজপথে কর্মসূচি পালন করছে।
কর্মসূচির অংশ হিসেবে ৫ই সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম রোডমার্চ অনুষ্ঠিত হয়েছে। এর পরবর্তী কর্মসূচি হিসেবে আগামীকাল শনিবার ঢাকা থেকে গাজীপুর হয়ে রংপুর অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে লংমার্চ শুরু হয়ে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় প্রথম পথসভা অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মোহাম্মদ খায়রুল হাসান, গাজীপুর সিটি করপোরেশনে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান, মহানগর জামায়াতের সেক্রেটারি আ স ম ফারুক এবং গাজীপুর জেলা জামায়াতের সেক্রেটারি মো. শফিউদ্দিন। উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আফজাল হোসাইন, অফিস সম্পাদক আবু সীনা মো. মামুন, অর্থসম্পাদক মাওলানা সাখাওয়াত হোসাইন, সদর থানা আমীর এডভোকেট সাদিকুজ্জামান খান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুস্তাফিজুর রহমান, পূবাইল থানা আমীর এডভোকেট শামীম মৃধা, মহানগর ছাত্রশিবিরের সভাপতি ইয়াসিন আরাফাত প্রমুখ।
