‘শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার’

ফন্ট সাইজ:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মিত অতিরিক্ত শ্রেণিকক্ষের উদ্বোধন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নান। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি নতুন শ্রেণিকক্ষটির উদ্বোধন করেন। পরে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এমপি। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, অবকাঠামো ও শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় এমপি আব্দুল মান্নান বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সুন্দর ও পর্যাপ্ত শ্রেণিকক্ষ প্রয়োজন। নতুন শ্রেণিকক্ষের ফলে শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরও উন্নত হবে। তিনি বলেন, নবীনগরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে। নতুন শ্রেণিকক্ষ চালুর ফলে বিদ্যালয়ের দীর্ঘদিনের শ্রেণিকক্ষ সংকট কিছুটা কমবে এবং পাঠদান আরও সুশৃঙ্খল হবে বলে জানান শিক্ষক ও স্থানীয়রা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা বিএনপি’র সদস্য মাসুদুর রহমান, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, দেলোয়ার হোসেন সুহেলসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।