ফিডের দামে নাভিশ্বাস, ডিম-মুরগিতে লোকসান

ফন্ট সাইজ:

ফিডের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং ডিম-মুরগির ন্যায্য বাজারমূল্য না পাওয়ায় টিকে থাকা কঠিন হয়ে পড়েছে ময়মনসিংহের ত্রিশালের প্রান্তিক পোল্ট্রি খামারিদের। ফলে ফিডের দাম কমানো, কাঁচামাল আমদানিতে শুল্ক হ্রাস এবং উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে ডিম ও মুরগির ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবিতে বৃহস্পতিবার রাজপথে নামেন খামারিরা। ত্রিশালের সর্বস্তরের প্রান্তিক খামারিবৃন্দের ব্যানারে বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসস্ট্যান্ড সংলগ্ন শাহজালাল হোটেলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক প্রান্তিক খামারি ও পোল্ট্রি ব্যবসায়ী অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ফিডের দাম ধারাবাহিকভাবে বাড়লেও ডিম ও মুরগির বাজারমূল্য উৎপাদন ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে খামারিদের পুঁজি ভেঙে খরচ চালাতে হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে দেশের সম্ভাবনাময় পোল্ট্রি খাত বড় ধরনের সংকটে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা। বক্তারা বলেন, ফিডের দাম ও উৎপাদন ব্যয়ের লাগাম টানা না গেলে একের পর এক খামার বন্ধ হয়ে যাবে। এতে ক্ষতিগ্রস্ত হবেন হাজার হাজার প্রান্তিক খামারি ও এ খাতের সঙ্গে জড়িত মানুষ। দ্রুত সংকট সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনে অংশ নেয়া খামারিরা।