কবরস্থানের জায়গা নিয়ে বিরোধে পিটিয়ে হত্যা

ফন্ট সাইজ:

শরীয়তপুরের নড়িয়ায় কবরস্থানের জায়গা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আনোয়ার হোসেন ভূঁইয়া (৪২) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের ভগ্নিপতি রুবেল ঢালী ও তার স্ত্রী। গত বুধবার বিকালে নড়িয়া উপজেলার ভুমখাড়া ইউনিয়নের মানাখান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার সেকান্দার ভূঁইয়ার ছেলে। এ ঘটনায় নিহতের ছোট বোন খালেদা আক্তার বাদী হয়ে অজ্ঞাতসহ ১১ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। নড়িয়া থানা সূত্রে জানা যায়, কবরস্থানের জায়গা নিয়ে স্থানীয় ইউপি সদস্য জয়দুল ঢালী ও রুবেল ঢালীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তার জেরে গত শুক্রবার জুমার নামাজের পর রুবেলের সঙ্গে জয়দুল ঢালীর তর্কবিতর্ক হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার বিকালে রুবেলকে জয়দুল গং পেটানো অবস্থায় তার চিৎকারে রুবেলের স্ত্রীর বড় ভাই আনোয়ার এগিয়ে এলে তাকে পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পরে সেখান থেকে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। নড়িয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় নিহতের ছোট বোন বাদী হয়ে অজ্ঞাতসহ ১১ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ বিষয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।