হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ২ জনের যাবজ্জীবন

ফন্ট সাইজ:

রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ার পাড় গ্রামে ২০১৩ সালের চাঞ্চল্যকর মো. আজিজুল মিয়া হত্যা মামলার রায়ে ২ জন আসামিকে মৃত্যুদণ্ড ও ২ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক ফাহমিদা খাতুন এই রায় দেন। হত্যার শিকার আজিজুল মিয়া (৪৫) ছিলেন পঞ্চায়েত সালিশ বিচারক। আর হত্যা মামলার বাদী ছিলেন খুনের শিকার আজিজুল মিয়ার স্ত্রী রাবেয়া বেগম। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অপরাধে একই গ্রামের রুবেল মিয়া ও রুমান মিয়াকে (দুই ভাই) মৃত্যুদণ্ড এবং এই অপরাধে সহায়তাকারী অপর ২ জন আসামি একই গ্রামের জয়নাল আবেদীন ও রিপন মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

এই মামলায় অপর ৪ জন আসামি একই গ্রামের স্বপন মিয়া, জহির মিয়া, কমরু মিয়া ও ফয়ছল মিয়াকে খালাস দেন বিচারক। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত ৩ আসামিসহ (রুবেল মিয়া ও স্বপন মিয়া ছাড়া) অন্যরা উপস্থিত ছিলেন। আসামি পক্ষের আইনজীবী ও স্বজনরা জানান তারা উচ্চ আদালতে আইনি প্রক্রিয়া চালিয়ে যাবেন। অপরদিকে বাদীপক্ষের আইনজীবী ও স্বজনরা এই রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আমরা ন্যায়বিচার পেয়েছি। আশা করছি উচ্চ আদালত এই রায় বহাল রাখবে। মৌলভীবাজার জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী ও সংশ্লিষ্ট আদালতের এডিশনাল পাবলিক প্রসিকিউটর এডভোকেট মো. আব্দুল ওয়াহিদ এই রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন প্রকৃত আসামিদের দণ্ড প্রদানে বাদীপক্ষসহ আইনের প্রতি মানুষের আস্থা ও শ্রদ্ধা বাড়বে। আইনের শাসন প্রতিষ্ঠায় চাঞ্চল্যকর এই মামলার রায় কার্যকর ভূমিকা রাখবে।