ডেঙ্গু ও হাম সচেতনতায় লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান প্রিন্সের

ফন্ট সাইজ:

ডেঙ্গু সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ময়মনসিংহ জেলা পরিষদের উদ্যোগে নগরীতে লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছেন কেন্দ্রীয় বিএনপি’র যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। গতকাল সকালে সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্‌ কামরুল হুদা, নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাসসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা জেলা পরিষদ কার্যালয় থেকে পদযাত্রা শুরু করেন। তারা বিভাগীয় কমিশনারের কার্যালয়, বাতির কল মোড়, জজ কোর্ট মোড়, টাউন হল মোড়, কাশীকিশোর জেলা পরিষদ স্টাফ কোয়ার্টারসহ নগরীর বিভিন্ন এলাকায় ডেঙ্গু ও হাম প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন। এ সময় এডিস মশা নিধনে ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটানো হয়।

এ সময় জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স নগরবাসীকে নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি বাড়িঘর ও আশপাশে পানি জমতে না দেয়া এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি। তিনি বলেন, বিশেষজ্ঞদের মতে সেপ্টেম্বর, অক্টোবর মাসে দেশব্যাপী ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়বে। এ সময়ে এডিস প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে।

পরে প্রিন্স দুপুরে তারাকান্দায় জেলা পরিষদের ডাক বাংলোর চলমান সংস্কার কাজ, জেলা পরিষদের মার্কেট ও হালুয়াঘাটের ধারা বাজারে জেলা পরিষদের মার্কেটের জায়গা পরিদর্শন করেন। বিকালে তিনি হালুয়াঘাটের গাজীর ভিটা ইউনিয়নের চৌরাস্তায় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন।