শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনা নৌবাহিনীর তিন যুদ্ধ জাহাজ

ফন্ট সাইজ:

পাঁচদিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসেছে চীনা নৌবাহিনীর তিনটি যুদ্ধ জাহাজ। বৃহস্পতিবার জাহাজ তিনটি চট্টগ্রাম বন্দরের জেটিতে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে তাদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। চীনা নৌবাহিনীর জাহাজ তিনটি হলো- ‘থাং শান’, ‘দা ছিং’ ও ‘থাই হু’। জাহাজগুলো বন্দরে পৌঁছানোর পর কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার চীনা নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী ব্যান্ড পরিবেশন করে।

স্বাগত অনুষ্ঠানে চীনা দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তা, বাংলাদেশে অবস্থানরত চীনা নাগরিক এবং বাংলাদেশ নৌবাহিনীর স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে চীনা নৌবাহিনীর জাহাজ তিনটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা ওমর ফারুক’ তাদের অভ্যর্থনা জানায়। সফরকালে চীনা যুদ্ধ জাহাজ তিনটির অধিনায়ক ও বাংলাদেশে নিযুক্ত চীনের মিলিটারি অ্যাটাশেসহ একটি প্রতিনিধিদল বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

প্রতিনিধি দলটি কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং চেয়ারম্যান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। এসব সাক্ষাতে দুই দেশের নৌবাহিনীর পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও পেশাগত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময়ের সুযোগ তৈরি হবে। সফরকালে চীনা নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটি পরিদর্শন করবেন। পাশাপাশি তারা চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় ও ঐতিহাসিক স্থাপনাও ঘুরে দেখবেন।

অন্যদিকে, বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদেরও চীনা নৌবাহিনীর যুদ্ধ জাহাজগুলো পরিদর্শনের সুযোগ দেয়া হবে। এর মাধ্যমে উভয় দেশের নৌ-সদস্যরা নিজ নিজ বাহিনীর কার্যক্রম, জাহাজ পরিচালনা ও পেশাগত অভিজ্ঞতা সম্পর্কে জানার সুযোগ পাবেন। বাংলাদেশ ও চীনের নৌবাহিনীর মধ্যে বিদ্যমান যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদারের পাশাপাশি এ শুভেচ্ছা সফর দুই দেশের বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। পাঁচদিনের সফর শেষে আগামী ২১শে সেপ্টেম্বর চীনা নৌবাহিনীর যুদ্ধ জাহাজ তিনটি বাংলাদেশের জলসীমা ত্যাগ করার কথা রয়েছে।