ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহত নিয়ে ‘মিথ্যাচারের’ অভিযোগ তুলে বিভাগীয় কমিশনার, হাসপাতালের পরিচালক ও উপ-পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অপসারণ দাবি করেছে নাগরিক সংগঠন ময়মনসিংহ মঞ্চ। একইসঙ্গে প্রশাসনের গঠিত তদন্ত কমিটি বাতিল করে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন এবং নিহতদের প্রত্যেক পরিবারের জন্য এক কোটি টাকা করে সরকারি কোষাগার থেকে ক্ষতিপূরণ দেয়ার দাবি জানিয়েছে।
গতকাল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়। হাসপাতালের অব্যবস্থাপনা দূর করা এবং অগ্নিকাণ্ডে হতাহত নিয়ে কর্তৃপক্ষ ও প্রশাসনের বক্তব্যের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে ময়মনসিংহ মঞ্চের সমন্বয়ক ইমতিয়াজ আহমেদ বলেন, অগ্নিকাণ্ডের পর প্রশাসনের কর্মকর্তারা হাসপাতালে কেউ নিহত বা আহত হননি বলে বক্তব্য দিয়েছিলেন। পরে সাংবাদিকদের প্রতিবেদনে হতাহত হওয়ার তথ্য সামনে এসেছে। এ কারণে প্রশাসনের কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান তিনি। ইমতিয়াজ আহমেদ বলেন, সত্যকে ধামাচাপা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। এই নৈতিক স্খলনের দায়ে বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ময়মনসিংহ থেকে অপসারণ করতে হবে। একই ব্যক্তি দীর্ঘদিন ধরে একই কর্মস্থলে থেকে দুর্নীতির অরাজকতা সৃষ্টি করেছেন। সকল দপ্তর তার নিয়ন্ত্রণে।
অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের সিঁড়িগুলো বন্ধ থাকার বিষয়েও প্রশ্ন তোলেন ইমতিয়াজ আহমেদ। তিনি বলেন, সেদিন মাত্র একটি সিঁড়ি খোলা ছিল, বাকি চারটি সিঁড়ি তালাবদ্ধ ছিল। আটতলায় আগুন লাগার পর সাততলা থেকে রোগী ও স্বজনেরা নামতে শুরু করেন। একটি সিঁড়ি দিয়ে এত মানুষ কীভাবে নামবে?
অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে প্রশাসনের গঠিত কমিটিগুলো গ্রহণ না করার কথা জানিয়ে তিনি বলেন, আমরা কোনো প্রশাসনিক তদন্ত কমিটি মানি না। উচ্চক্ষমতাসম্পন্ন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। অগ্নিকাণ্ডে কতোজন নিহত ও আহত হয়েছেন, তার সঠিক তথ্য জনগণের সামনে প্রকাশ করতে হবে।
