বিশ্বনাথে কানাডা প্রবাসীর পরিবারকে প্রাণনাশের হুমকি থানায় জিডি

ফন্ট সাইজ:

সিলেটের বিশ্বনাথে এক কানাডা প্রবাসীর পরিবারকে গভীর রাতে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা, প্রাণনাশ ও গুম করার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগে বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন প্রবাসীর স্ত্রী।

ডায়েরি ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৮ নম্বর দশঘর ইউনিয়নের বরুনী গ্রামের বাসিন্দা ও কানাডা প্রবাসী মো. তাজ উদ্দিন লখনের স্ত্রী মোছা. ছালমা বেগম (৪২) তার ছেলেমেয়েদের নিয়ে নিজ বাড়িতে বসবাস করে আসছিলেন। গত ১লা সেপ্টেম্বর গভীর রাতে ২-৩ জন দুষ্কৃতকারী রামদা, লাঠি ও সোটা নিয়ে তাদের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে। দুষ্কৃতকারীরা প্রবাসী তাজ উদ্দিন লখনকে খোঁজ করে ডাক চিৎকার শুরু করে। এ সময় ছালমা বেগম তার স্বামী প্রবাসে আছেন বলে জানালে হুমকিদাতারা ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা হুমকি দিয়ে বলে প্রবাসী স্বামী দেশে ফিরলে তাকে হত্যা করে লাশ গুম করা হবে। শুধু তা-ই নয়, সন্তানদের স্কুলে আসা-যাওয়ার পথে পেলেও তাদের খুন করার হুমকি দিয়ে চলে যায় দুষ্কৃতকারীরা।

ঘটনার পর পরিবারের নিরাপত্তায় আতঙ্কিত হয়ে পরিবার ও প্রবাসী স্বামীর সঙ্গে আলোচনা করে ১০ই সেপ্টেম্বর বিশ্বনাথ থানায় হাজির হন ভুক্তভোগী ছালমা বেগম। তিনি বাদী হয়ে একটি লিখিত আবেদন জমা দিলে থানা পুলিশ তা সাধারণ ডায়েরি হিসেবে অন্তর্ভুক্ত করে। এর পূর্বে ২০২৫ সালের ২৯শে মার্চ মোবাইল ফোনের মাধ্যম হুমকি দেন। এ ঘটনায় বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরি করা হয়। ঘটনার সত্যতা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ গাজী মো. মাহবুবুর রহমান বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার নির্দেশ দিয়েছেন থানার উপ-পরিদর্শক (এসআই) সামসুল হককে।