সাভার-আশুলিয়ায় ডিবি পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে পৃথক স্থান থেকে ২৫৮ পিস ইয়াবাসহ ৯ পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গতকাল দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সাইদুল ইসলাম। এর আগে গত বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ার মো. সিয়াম, মাদারীপুর জেলার শিবচর থানা এলাকার মাসুদ, সাভারের জোড়পুল নয়াপাড়ার হাবিবুর রহমান ওরফে রাসেল, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার মহিন তালুকদার, রাজধানীর দারুস সালাম থানার গাবতলী এলাকার রবিন, সাভারের জয়নাবাড়ী মাদ্রাসা রোডের সজীব খান, সাভারের পোড়াবাড়ী দক্ষিণ কাঞ্চনপুর বেদেপল্লীর ডারজিনা বেগম, সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার শৈলদানা এলাকার মাজেদা খাতুন ও আশুলিয়ার কুরগাঁও এলাকার রায়হান ইসলাম।
ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর ওসি সাইদুল ইসলামের নেতৃত্বে সাভারের তেঁতুলঝোড়া এলাকা ও পোড়াবাড়ী বেদেপল্লী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এদের মধ্যে হাবিবুর রহমান ওরফে রাসেলের বিরুদ্ধে একটি চুরির মামলা রয়েছে।
