‘পোল্ট্রি শিল্পে উৎপাদন খরচ কমাতে উদ্যোগ নিচ্ছে সরকার’

ফন্ট সাইজ:

ভোক্তাদের ন্যায্য মূল্যে পোল্ট্রি পণ্য সরবরাহ নিশ্চিত করতে এ খাতের উৎপাদন খরচ কমানোর বিষয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে জানিয়েছেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। গতকাল সকালে গাজীপুর মহানগরের রাজবাড়ী এলাকায় অবস্থিত পিটিআই ভবনে প্রাণিসম্পদ আইন-২০১০ মাঠপর্যায়ে কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, খামারিরা যাতে কম খরচে পোল্ট্রি উৎপাদন করতে পারেন, সেজন্য ফিডসহ অন্যান্য উৎপাদন উপকরণের ব্যয় কমানোর বিষয়ে সরকার কাজ করছে। উৎপাদন খরচ কমানো গেলে খামারি ও ভোক্তা উভয়েই উপকৃত হবেন।

সভায় গাজীপুরের বিভিন্ন উপজেলা থেকে পোল্ট্রি শিল্প ও এগ্রো ফার্মের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় তারা পোল্ট্রি শিল্পের বর্তমান সংকট ও উৎপাদন ব্যয় বৃদ্ধির বিভিন্ন কারণ তুলে ধরেন। এ সময় পোল্ট্রি শিল্পের উৎপাদন খরচ কমাতে ফিডের দাম কমানো, বাচ্চার দাম সহনীয় পর্যায়ে রাখা এবং অন্যান্য উৎপাদন উপকরণের মূল্য কমানোর দাবি জানান খামারি ও শিল্প উদ্যোক্তারা। পাশাপাশি পোল্ট্রি খাতকে টেকসই ও লাভজনক করতে সরকারের কার্যকর সহযোগিতা কামনা করেন তারা। জবাবে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, দেশের মানুষের জন্য নিরাপদ ও সাশ্রয়ী মূল্যে পোল্ট্রি পণ্য নিশ্চিত করতে হলে উৎপাদন পর্যায়ে ব্যয় কমাতে হবে। এ জন্য ফিডসহ পোল্ট্রি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন উপকরণের ব্যয় কমানোর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। সভায় গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁঁইয়া, পুলিশ সুপার মো. জসিম উদ্দিনসহ প্রাণিসম্পদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পোল্ট্রি শিল্পের প্রতিনিধি ও খামারিরা উপস্থিত ছিলেন।