লিওনেল মেসির ক্যারিয়ারে যোগ হলো আরও একটি মাইলফলক। ইন্টার মায়ামির জার্সিতে গতকাল শততম গোলের দেখা পান তিনি। গোলাপি জার্সিতে তার শততম গোলটি আসে হেড থেকে। সেঞ্চুরি ছোঁয়া দিনে কাসেমিরোকে দিয়েও আরেকটি গোল করান মেসি। শেষ পর্যন্ত ক্রুজ আজুলকে ২-০ গোলে হারিয়ে ক্যাম্পিওনেস কাপের শিরোপাও ঘরে তোলে ইন্টার মায়ামি।
মেজর লীগ সকারের চ্যাম্পিয়ন ও মেক্সিকোর লিগা এমএক্সের চ্যাম্পিয়নের মধ্যকার এই বার্ষিক শিরোপা লড়াইয়ে এই প্রথমবারের মতো জয়ের স্বাদ পেলো মায়ামি। চলতি বছরে এটিই মেসির প্রথম শিরোপা। এই ম্যাচ দিয়ে মায়ামির নতুন কোচ হিসেবে যাত্রা শুরু করলেন ক্রিস্টিয়ান ‘কিলি’ গনসালেস। আর অভিষেকেই পেলেন দারুণ এক জয়। লিওনেল মেসির মাইলফলক ছোঁয়া গোলটি আসে ম্যাচের ২৪তম মিনিটে। ডান দিক থেকে লুইস সুয়ারেজের নিখুঁত ক্রস ছুটে আসে মেসির দিকে। দুর্দান্ত এক হেডে বল জালে জড়ান তিনি। এরপর ৮১তম মিনিটে মেসির নেয়া কর্নার থেকে গোল করেন কাসেমিরো, যা নিশ্চিত করে দলের জয়। ক্যারিয়ারে এটি মেসির রেকর্ড ৪৯তম শিরোপা। মায়ামির জার্সিতে মাত্র ১১৫ ম্যাচেই ১০০ গোলের কীর্তি গড়লেন মেসি, যা কোনো ক্লাব বা জাতীয় দলের হয়ে তার দ্রুততম শতক। বার্সেলোনার হয়ে এই মাইলফলকে পৌঁছাতে তার লেগেছিল ১৮৮ ম্যাচ, আর আর্জেন্টিনার জার্সিতে ১০০ গোল করতে খেলতে হয় ১৭৪ ম্যাচ। সেই তুলনায় মায়ামির হয়ে সময় লেগেছে মাত্র ১১৫ ম্যাচ। ২০২৩ সালে মায়ামিতে যোগ দেয়ার পর দলের হয়ে মেসির প্রথম গোলটিও এসেছিল এই ক্রুজ আজুলের বিপক্ষেই। মায়ামির জার্সিতে মেজর লীগ সকারে এ পর্যন্ত ৭৬ গোল করেছেন তিনি। লিগস কাপে ১৪টি, কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে ৮টি এবং ফিফা ক্লাব বিশ্বকাপে ১টি। মায়ামির হয়ে ২০২৩ সালে লিগস কাপ জয়ের মধ্য দিয়ে মেসির প্রথম শিরোপা জেতেন।
এর পরের বছর মায়ামি জেতে সাপোর্টার্স শিল্ড, সেই মৌসুমে এমএলএসে ৭৪ পয়েন্ট নিয়ে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ডও গড়ে দলটি। ২০২৫ সালের এমএলএস কাপ জয়েও সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মেসি। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে মেসির হাতে। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তার মোট গোলসংখ্যা এখন দাঁড়িয়েছে ৯২৯-এ। চলতি এমএলএস মৌসুমে এখন পর্যন্ত ২২ ম্যাচে ১৯ গোল করে লীগের সর্বোচ্চ গোলদাতাও তিনি। তবে শিরোপা ধরে রাখার মিশনে বেশ পিছিয়ে আছে মায়ামি। ইস্টার্ন কনফারেন্সে শীর্ষে থাকা ন্যাশভিলের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ৯। ২৫ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ন্যাশভিলে, বিপরীতে মায়ামির সংগ্রহ ৪৫ পয়েন্ট।
