ঢাকা-আরিচা মহাসড়ক

৬৪ রুট পারমিটের বিপরীতে চলছে ১৭০ বাস

ফন্ট সাইজ:

ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের ৬৪টি রুট পারমিটের বিপরীতে ১৭০টি বাস চলাচলের তথ্য নিয়ে প্রশ্ন উঠেছে। বিআরটিএ মানিকগঞ্জের সহকারী পরিচালক মাহবুব কামাল জানান, সরকারি তালিকায় সেলফি পরিবহনের রুট পারমিট ৬৪টি। অথচ সরজমিন পর্যবেক্ষণে সেলফি ব্যানারে ১৭০ বাস চলতে দেখা গেছে। ফলে অতিরিক্ত ১০৬টি বাস কোন অনুমোদনে চলছে, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

এদিকে এ পরিবহনের বিরুদ্ধে ধারাবাহিক মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। সর্বশেষ ১৪ই সেপ্টেম্বর শিবালয়ের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে কর্মসূচি হয়। সেখানে বেপরোয়া গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং ও দুর্ঘটনার অভিযোগ তুলে রুট পারমিট বাতিলের দাবি জানানো হয়।

আন্দোলনকারীরা বলেন, প্রতি বছর একাধিক দুর্ঘটনার ঘটনাও রয়েছে সেলফি পরিবহনের। ২০২২ সালের মে মাসে ঘিওরের জোকায় সেলফি ও সেবা গ্রীন লাইন বাসের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হন। একই বছরের জুলাইয়ে তরা এলাকায় সেলফি বাসের চাপায় দুই তরুণ নিহত হন। চলতি বছরের ১৯শে জুন পাটুরিয়ায় সেলফি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীর পাড়ে ঝুলে পড়ে। এক মাস পর ১৯শে জুলাই বরংগাইলে বাস খালে পড়ে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হন। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে পুরো মানিকগঞ্জ জুড়ে চলছে সেলফি বাস বয়কটের ঘোষণা। অভিযোগের বিষয়ে সেলফির কর্তৃপক্ষ বলেন, বাসগুলোর রুট পারমিট ও চালকদের লাইসেন্স রয়েছে। তবে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা জানান, সংশ্লিষ্টদের নিয়ে আবারো সভা করে অনিয়ম-অসংগতি চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে।