টাঙ্গাইলের সখীপুরে সতীনকে মা ডাকায় তিন বছরের শিশু আশরাফুলকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে নিজ মা আকলিমা বেগমের বিরুদ্ধে। এ ছাড়া, ৮ বছরের মেয়ে সিদরাতুলকেও ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। পরে আকলিমা নিজেও আত্মহত্যার চেষ্টা করে। বুধবার গভীর রাতে উপজেলার বড়চওনা ইউনিয়নের খালিয়ার বাইদ (মুজিবনগর মোড়) এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে আকলিমাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় আকলিমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে ওই শিশুর বাবা শাহিন মিয়া।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহিন মিয়ার প্রথম স্ত্রী নাসিমা আক্তারের সন্তান না হওয়ায় তিনি চার বছরের এক মেয়েসহ আকলিমাকে বিয়ে করেন। পরে আকলিমার ঘরে আশরাফুলের জন্ম হয়। শিশুটিকে নাসিমা আক্তারের কাছে রেখে আকলিমা ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতে যান। এরপর নাসিমার কাছেই বড় হতে থাকে আশরাফুল।
পরিবারের অভিযোগ, আশরাফুল নাসিমাকে ‘বড় মা এবং নিজের মা আকলিমাকে ‘আন্টি’ বলে ডাকতো। এ বিষয়কে কেন্দ্র করেই ঘটনাটি ঘটেছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। ছুরিকাঘাতে আহত আশরাফুলকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত সিদরাতুল সেখানে চিকিৎসাধীন রয়েছে। সখীপুর থানার ওসি মুরাদ হোসেন জানান, এ ঘটনায় সখীপুর থানায় মামলা দিয়েছে ওই শিশুর বাবা শাহিন মিয়া। খুনি আকলিমাকে আটক করা হয়েছে।
