মৌলভীবাজারের জুড়ী উপজেলার জুড়ী নদী থেকে কালাম উদ্দিন বলাই (৪৫) নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার নদীর জাঙিরাই এলাকায় পানিতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা জুড়ী থানায় খবর দেন। পরে দুপুর দেড়টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। নিহত বলাই উপজেলার দক্ষিণ বড়ধামাই গ্রামের ইন্তাজ আলীর ছেলে। বলাইয়ের ভাই কামাল জানান, বলাই গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল গ্রামের একটি সিএনজি অটোরিকশা চালাতেন।
গত মঙ্গলবার সন্ধ্যায় তিনি অটোরিকশার মালিকের বাড়িতে বাজারের খরচ দিয়ে আসেন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার পরিবারের সদস্যরা বলাইয়ের লাশ উদ্ধারের খবর পান। বলাই যে অটোরিকশাটি চালাতেন, সেটিরও কোনো সন্ধান পাওয়া যায়নি। জুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শামিম উদ্দিন জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
