কুতুপালং থেকে অপহৃত ৮ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৫

ফন্ট সাইজ:

কক্সবাজারের উখিয়ায় কুতুপালং থেকে অপহৃত আট মাস বয়সী শিশু কাদেরকে উদ্ধার করেছে ১৪ এপিবিএন’র বালুরমাঠ পুলিশ ক্যাম্প। এ ঘটনায় শিশুটিকে অপহরণ ও একাধিকবার বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, শিশুটিকে উদ্ধারের আগে কয়েক দফায় হাতবদল করা হয় এবং শিশুটির মায়ের কাছে ৭০ হাজার টাকা মুক্তিপণও দাবি করা হয়েছিল। পুলিশের ইন্সিডেন্ট রিপোর্ট সূত্রে জানা যায়, গত ৬ই সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুতুপালং বাজারে একটি ওষুধের দোকানের সামনে থেকে তৈয়বা (৩৫) নামের এক নারীর কাছ থেকে তার আট মাস বয়সী শিশুপুত্র কাদেরকে নিয়ে যান তার সাবেক স্বামী মো. রশিদ আলম (৩০)। পরে মোবাইল ফোনে যোগাযোগ করে রশিদ শিশুটিকে ফেরত দেয়ার বিনিময়ে ৭০ হাজার টাকা দাবি করেন বলে অভিযোগ করা হয়।

টাকা না দিলে শিশুটিকে অন্যত্র বিক্রি করে দেয়ার হুমকিও দেয়া হয়। পুলিশ জানায়, গত ১৫ই সেপ্টেম্বর শিশুটিকে ফেরত দেয়ার কথা বলে রশিদকে অভিযোগকারীর শেডে ডেকে আনা হয়। সেখানে জিজ্ঞাসাবাদে তিনি জানান, তার বর্তমান স্ত্রী রুজিনা আক্তার (২৮) ও তিনি মিলে শিশুটিকে তসলিমা (২৫) নামের এক নারীর কাছে ১৫ হাজার টাকায় বিক্রি করেছেন। পরে ক্যাম্পে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সংশ্লিষ্টরা পুলিশকে জানান, শিশুটিকে মায়মুনা আক্তার (২৯) ও তার স্বামী নুরুল আমিনের (৩৮) কাছে ৩০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। শিশুটি ওই দম্পতির হেফাজতে রয়েছে বলেও পুলিশকে জানানো হয়। এরপর বালুরমাঠ পুলিশের একটি দল পশ্চিম মরিচ্যা এলাকায় অভিযান চালায়। অভিযানে মায়মুনা ও নুরুলের হেফাজত থেকে শিশু কাদেরকে উদ্ধার করা হয়। এ ঘটনায় রশিদ, রুজিনা, তসলিমা, মায়মুনা ও নুরুলকে গ্রেপ্তার করা হয়েছে।