রাজবাড়ীর গোয়ালন্দ নির্বাচন অফিসের নির্বাচন কর্মকর্তা খবিরুল আলমের ঘুষ বাণিজ্য নিয়ে মানবজমিনে একটি সংবাদ প্রকাশিত হওয়ার ১ দিনের মাথায় তাকে বদলি করা হয়েছে। গত বুধবার সেন্ট্রাল ইলেকশন কমিশন স্বাক্ষরিত একটি লিখিত আদেশে তাকে ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসে নির্বাচন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়। এর আগে গত বৃহস্পতিবার (১০ই সেপ্টেম্বর) নির্বাচন কর্মকর্তা খবিরুল আলমের একটি ঘুষ বাণিজ্যের গোপন ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, নির্বাচন কর্মকর্তা খবিরুল তার চেয়ারে বসে এক প্রবাসীর নতুন ভোটার আইডি করে দেয়ার কথা বলে ঘুষের টাকা গ্রহণ করছেন।
বদলির বিষয়টা নিশ্চিত করে রাজবাড়ী জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দীন মানবজমিনকে বলেন, গত বৃহস্পতিবার নির্বাচন কর্মকর্তা খবিরুল আলমের একটি ঘুষ বাণিজ্যের ভিডিও ভাইরাল হয়। এ নিয়ে মানবজমিনে একটি সংবাদ প্রকাশিত হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে শোকজ করেন। শোকজে তাকে তিন কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জবাবদিহি করতে বলা হয়। এ নিয়ে খবিরুল যথাসময়ে লিখিতভাবে শোকজের জবাব দেন। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার লিখিত জবাবে সন্তোষজনক উত্তর না পাওয়ায় তাকে ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসে নির্বাচন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়।
