বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটে সৃজনশীল পণ্য প্রদর্শনী মেলার আয়োজনের উদ্যোগকে স্থানীয় ব্যবসায়ীদের অস্তিত্বের জন্য চরম হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন ব্যবসায়ী নেতারা। পৃথক পৃথকভাবে মেলা বন্ধ এবং বছরে মাত্র একটি আন্তর্জাতিক মেলা আয়োজনের দাবিতে আগামী রোববার সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনারের নিকট স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। অনতিবিলম্বে মেলার সিদ্ধান্ত থেকে সরে না এলে ধর্মঘটসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন সিলেট দোকান মালিক সমিতি ও বিভিন্ন মার্কেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। নগরীর বারুতখানাস্থ ফুড প্যারাডাইস হোটেলের হলরুমে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের উদ্যোগে এক জরুরি যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, সিলেট জেলা শাখার মহাসচিব ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। যৌথ পরিচালনা করেন বাংলাদেশ দোকান মালিক সমিতি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নিয়াজ মোহাম্মদ আজিজুল করিম এবং মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাভেল। সভায় স্বাগত বক্তব্য রাখেন মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মল্লিক মুন্না। সভায় বক্তারা বলেন, কর্মচারীদের বেতন ও দোকান ভাড়াসহ আনুষঙ্গিক পরিচালনা খরচ তুলতেই যেখানে ব্যবসায়ীরা হিমশিম খাচ্ছেন, সেখানে পৃথক একাধিক মেলা স্থানীয় ব্যবসা-বাণিজ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে। ব্যবসায়ী নেতারা স্পষ্ট করেন, তারা মেলার বিরোধী নন। প্রচলিত বাণিজ্য নীতি অনুযায়ী জেলায় বছরে একটি আন্তর্জাতিক মেলা অনুষ্ঠিত হলে সর্বাত্মক সহযোগিতা থাকবে। কিন্তু পৃথক মেলার সিদ্ধান্ত পরিহার করে সিলেট চেম্বার, মেট্রোপলিটন চেম্বার ও উইমেন চেম্বারকে যৌথভাবে বছরে একটি মেলা আয়োজনের আহ্বান জানানো হয়। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, জেলা প্রশাসক এবং এসএমপি কমিশনারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। আগামী তিনদিনের মধ্যে মেলা বন্ধের সুনির্দিষ্ট সিদ্ধান্ত না এলে রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলনের বার্তা দেন তারা। এদিকে বর্তমান বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক মন্দা, অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি এবং তীব্র বিদ্যুৎ ঘাটতির বিষয়টিকে বিবেচনায় রেখে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ব্যতীত সিলেটে যেকোনো ধরনের স্থানীয়, পণ্য বা ইনডোর মেলা আয়োজনে অনুমতি না দেয়ার জোর দাবি জানিয়েছে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই)।
গতকাল গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি খায়রুল হোসেন স্থানীয় ব্যবসায়ী সংগঠনগুলোর দাবির প্রতি পূর্ণ একাত্মতা ও সমর্থন প্রকাশ করে এই আহ্বান জানান। বিবৃতিতে এসএমসিসিআই সভাপতি উল্লেখ করেন, সিলেটের স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা বছর জুড়ে চড়া দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, কর্মচারীদের বেতন এবং সরকারি কর ও ভ্যাট পরিশোধ করে বৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন।
