এক দাতার হৃদপিণ্ড ব্যবহার করে দুই শিশুর সফল চিকিৎসা করেছে কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টার (কেএফএসএইচ)। হাসপাতালটি জানিয়েছে, মধ্যপ্রাচ্য ও ইউরোপে এ ধরনের প্রথম শিশুদের ‘ডমিনো’ হৃদপিণ্ড প্রতিস্থাপন এটি। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) সম্প্রতি জানিয়েছে, শেষ পর্যায়ের হৃদ্যন্ত্রের অকার্যকারিতায় ভুগতে থাকা ১২ বছর বয়সী এক ছেলের শরীরে প্রতিস্থাপন করা হয় দাতার হৃদপিণ্ডটি। একই সময়ে তার শরীর থেকে বের করে নেয়া হৃদপিণ্ডের সুস্থ পালমোনারি ভালভ ও রুট ব্যবহার করে চিকিৎসা করা হয় দ্বিতীয় এক শিশুকে। ফলে একটি দান করা হৃদপিণ্ডের মাধ্যমে দুই রোগী চিকিৎসার সুবিধা পায়। ‘ডমিনো হার্ট ট্রান্সপ্লান্টেশন’ নামে পরিচিত এই পদ্ধতিতে হৃদপিণ্ড প্রতিস্থাপনের রোগীর শরীর থেকে বের করে নেয়া হৃদপিণ্ডের সুস্থ টিস্যু অন্য রোগীর চিকিৎসায় ব্যবহার করা হয়। এর মাধ্যমে প্রতিটি দান করা অঙ্গের চিকিৎসাগত সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হয়।
প্রথম শিশুটির ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি এবং শেষ পর্যায়ের হৃদ্যন্ত্রের অকার্যকারিতা ছিল। হৃদপিণ্ড প্রতিস্থাপনের অপেক্ষায় তাকে প্রায় ছয় সপ্তাহ হাসপাতালে থাকতে হয়। এ সময় তার হৃদ্যন্ত্রের কার্যক্রম সচল রাখতে নিয়মিত ওষুধ দেয়া হচ্ছিল। তার সম্পূর্ণ হৃদপিণ্ড প্রতিস্থাপনের প্রয়োজন হলেও তার পালমোনারি ভালভ ও রুট সুস্থ ছিল এবং তা প্রতিস্থাপনের উপযোগী ছিল। অন্যদিকে, দ্বিতীয় শিশু ৯ বছর বয়সী একটি ছেলে। তার গুরুতর অ্যাওর্টিক স্টেনোসিস ও রিগারজিটেশন ছিল। আক্রান্ত ভালভটি মেরামতের জন্য এর আগে তার দুটি অস্ত্রোপচার হয়েছিল। এবার তার ক্ষেত্রে জটিল ‘রোস প্রক্রিয়া’ করা হয়।
অস্ত্রোপচারের সময় দ্বিতীয় শিশুটির সুস্থ পালমোনারি ভালভটি অ্যাওর্টিক অবস্থানে সরিয়ে নেয়া হয় এবং ক্ষতিগ্রস্ত ভালভের জায়গায় বসানো হয়। এরপর পালমোনারি ভালভের যে স্থানটি খালি হয়, সেটি প্রথম শিশুর শরীর থেকে বের করে নেয়া হৃদপিণ্ডের পালমোনারি ভালভ ও রুট দিয়ে পুনর্গঠন করা হয়। অর্থাৎ প্রথম শিশুটি একই সঙ্গে হৃদপিণ্ড প্রতিস্থাপনের গ্রহীতা এবং দ্বিতীয় শিশুর জন্য ব্যবহারযোগ্য হৃদ্যন্ত্রের টিস্যুর উৎসে পরিণত হয়। অত্যন্ত সমন্বিত ধারাবাহিক অস্ত্রোপচারের মাধ্যমে এভাবে একটি দাতার হৃদপিণ্ড দুই শিশুর চিকিৎসায় কাজে লাগে।
প্রতিস্থাপিত ভালভটি জীবন্ত টিস্যু হওয়ায় শিশুর সঙ্গে সঙ্গে সেটিও বেড়ে ওঠার সম্ভাবনা থাকে। ফলে শিশুটি বড় হওয়ার সঙ্গে সঙ্গে বারবার ভালভ প্রতিস্থাপনের অস্ত্রোপচারের প্রয়োজন কমে আসতে পারে। প্রচলিত কৃত্রিম ভালভের ক্ষেত্রে এমনটি সম্ভব নয়, কারণ সেগুলোর আকার স্থির থাকে।
