পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ। তাদের দাম্পত্য টিকে ছিল মাত্র ৯ বছর। তারপরই বিচ্ছেদ ঘটে। এরপর দীর্ঘ ২২ বছর একাকী জীবন টেনে নিয়ে বেড়ান জেমিমা। এই দীর্ঘ নিঃসঙ্গতা কাটিয়ে অবশেষে তিনি জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন। আইরিশ-অস্ট্রেলীয় অর্থ ব্যবসায়ী ক্যামেরন ও’রেইলি’কে বিয়ে করেছেন। সেই বিয়ের কিছু স্মরণীয় মুহূর্তের ছবি শেয়ার করেছেন জেমিমা গোল্ডস্মিথ। কয়েক দিন আগে অনুষ্ঠিত ব্যক্তিগত ওই বিয়ের আয়োজনের কিছু ঝলক ছবিগুলোর মাধ্যমে তুলে ধরেছেন জেমিমা। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।
৫২ বছর বয়সী জেমিমা গোল্ডস্মিথ পুরস্কারপ্রাপ্ত চিত্রনাট্যকার ও প্রযোজক। ৬২ বছর বয়সী ক্যামেরন ও’রেইলি প্রয়াত আইরিশ ব্যবসায়ী, মিডিয়া মোগল ও আন্তর্জাতিক রাগবি খেলোয়াড় স্যার অ্যান্থনি ও’রেইলির ছেলে। চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্রের কাজের সূত্রে পরিচয়ের পর প্রায় এক বছর ধরে চুটিয়ে প্রেম করেছেন তারা। জেমিমার ভাই বেন গোল্ডস্মিথের স্ত্রী জেমিমা জোন্সও বিয়ের খবর প্রথম দিকে প্রকাশ করেন। বিয়ের অনুষ্ঠানের পোশাকে ভাই বেনের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, জেমিমা ও ক্যামেরনের বিয়ে উদযাপন করছি। আমার প্রিয় সঙ্গীকে সঙ্গে নিয়ে- কী আনন্দের দিন!
১৯৯৫ সালে ইমরান খানের সঙ্গে বিয়ে হয়েছিল জেমিমার। ২০০৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। সাবেক এই দম্পতির দুই ছেলে সুলায়মান ও কাসিম খান। বিচ্ছেদ হয়ে গেলেও পাকিস্তানে ইমরান খানের কারাবন্দিত্ব ও তার সঙ্গে আচরণের প্রতিবাদে প্রকাশ্যে সরব রয়েছেন জেমিমা। গত মাসে ইমরানের বিষয়ে প্রকাশ্যে কথা বলার আহ্বান জানান বৃটিশ সরকারের প্রতি। ইমরানের কারাবন্দিত্বের পরিস্থিতিকে তিনি ‘মানবাধিকারের জরুরি অবস্থা’ হিসেবে বর্ণনা করেন। একই সঙ্গে তার স্বাস্থ্য, একাকী অবস্থায় রাখা এবং পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
লর্ডসে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট ম্যাচও সুলায়মান ও কাসিমকে সঙ্গে নিয়ে দেখতে গিয়েছিলেন জেমিমা। এ সময় ছেলেরা তাদের বাবার কারাবন্দিত্বের বিরুদ্ধে প্রকাশ্য প্রচারণা জোরদার করলে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘#ফ্রি ইমরান খান’ হ্যাশট্যাগও পোস্ট করেন। ইমরান খানের সঙ্গে পাকিস্তানে বসবাসের সময় থেকেই দেশটির সঙ্গে জেমিমার গভীর সম্পর্ক তৈরি হয়।
তিন বছর আগে জিও নিউজকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে পাকিস্তান নিয়ে আবেগঘন কথা বলেন তিনি। সেখানে জামান পার্কে তার জীবন, পাকিস্তানের সমাজ ও সংস্কৃতি এবং দেশটির মানুষ ও সৃজনশীল প্রতিভার প্রতি তার ভালোবাসার কথা তুলে ধরেন। চলচ্চিত্রে নিজের কাজ প্রসঙ্গে জেমিমা বলেন, পাকিস্তানকে উদযাপন করে এমন একটি চলচ্চিত্র নির্মাণের চ্যালেঞ্জ তিনি নিজের জন্য নিয়েছিলেন। তিনি বলেন, আমি পাকিস্তানে থাকার সময় যে রঙিন, সুন্দর ও আনন্দময় জায়গাটিকে চিনেছিলাম, সেটি তুলে ধরতে চেয়েছি। পশ্চিমা পর্দায় আমরা প্রায়ই যে পাকিস্তান দেখি, তার বদলে আমি সেই পাকিস্তানটিকে দেখাতে চেয়েছি।
পশ্চিমা চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনায় পাকিস্তানি ও মুসলিমদের যেভাবে তুলে ধরা হয়, তার প্রসঙ্গেই তিনি এ কথা বলেন। জেমিমা জানান, ওই প্রকল্পের মাধ্যমে তিনি নিজের পরিচিত পাকিস্তানকে পটভূমি করে একটি রোমান্টিক কমেডি নির্মাণের সুযোগ পান। এতে পাকিস্তানি অভিনেত্রী সজল আলির পাশাপাশি অভিনয় করেছেন শাবানা আজমি, লিলি জেমস, এমা থম্পসন ও শাহজাদ লতিফ।
