এসআরবি’র যাত্রা শুরু

এসআরবি’র যাত্রা শুরু

ফন্ট সাইজ:

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি)। মঙ্গলবার গেজেট প্রকাশের পর গতকাল থেকেই পুলিশের বিশেষায়িত এই নতুন বাহিনীর প্রেস বিজ্ঞপ্তি থেকে শুরু করে প্রতিটি ইউনিটের লোগোতেই পরিবর্তন আনা হয়েছে। বাহিনীটির সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্রেও পরিবর্তনের বিষয়টি দেখা গেছে। তবে বাহিনীর লোগোর নকশায় এখনো কোনো পরিবর্তন আনা হয়নি। পোশাকও সেই আগেরটা (কালো) রয়েছে।

গতকাল রাজধানীর কাওরান বাজার মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনেও এসআরবি-৪ এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমানও তার বক্তব্যে র‌্যাবের নাম উচ্চারণ করেননি। তিনি বলেন, র‌্যাব বিলুপ্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ থেকে আমাদের প্রতিটি ইউনিটই এসআরবি নামে কার্যক্রম শুরু করেছে। এই যাত্রায় সকলের সহযোগিতাও চেয়েছেন তিনি। মিডিয়া সেন্টারের প্রবেশ পথেও বড় করে টানানো র‌্যাব মিডিয়া সেন্টার লেখাতেও আনা হয়েছে পরিবর্তন। সংবাদ সম্মেলন এমনকি বাহিনীটির বিভিন্ন ইউনিট থেকে পাঠানো বিজ্ঞপ্তির লোগোতেও দেখা গেছে- জাতীয় ফুল শাপলার নিচে লাল-সবুজ বৃত্তের উপর দুইপাশে ধানের শীষ এবং তার মাঝে জাতীয় স্মৃতিসৌধের নিচে নীল রঙের ভেতর সাদা রঙে লেখা হয়েছে ‘এসআরবি’। এর নিচে কালো রংয়ের অগ্রগতির ধাতব চাকা। এরপর সবুজ রংয়ের মধ্যে লেখা ‘বাংলাদেশ আমার অহংকার’। আগের লোগোই রাখা হয়েছে। শুধু র‌্যাব লেখার জায়গায় লেখা হয়েছে এসআরবি। তবে সংশ্লিষ্টরা বলছেন- পোশাক থেকে শুরু করে ধীরে ধীরে পরিবর্তন আনা হবে সবকিছুতেই।
বিষয়টি নিয়ে এসআরবি’র মহাপরিচালক (ডিজি) আহসান হাবীব পলাশ বলেন, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে গেজেট প্রকাশিত হয়েছে। এখন থেকে র‌্যাব নাম আর ব্যবহার হবে না। এসআরবি নামে আমাদের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তায় আমাদের সদস্যরা সর্বদা নিয়োজিত আছে, থাকবে। আমরা সকলের সহযোগিতা চাই।

এর আগে গত ১০ই সেপ্টেম্বর জাতীয় সংসদে র‌্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন বিশেষায়িত ইউনিট গঠনের বিল পাস হয়। ১৫ই সেপ্টেম্বর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারির মাধ্যমে নতুন কাঠামোটি আইনি রূপ পায়।

উল্লেখ্য, ২০০৪ সালের ২৬শে মার্চ তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে পুলিশের এলিট ব্যাটালিয়ন হিসেবে গঠিত হয় ‘র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)’। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন অভিযানে বাহিনীটির ভূমিকা আলোচিত হলেও পরবর্তী সময়ে বিচারবহির্ভূত হত্যা, গুম ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ১০ই ডিসেম্বর র‌্যাব এবং বাহিনীর তৎকালীন ও সাবেক সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। জুলাই গণ-অভ্যুত্থানের পর র‌্যাব বিলুপ্ত করে বাহিনীটির কাঠামো পুনর্গঠনের দাবি ওঠে। ২০২৪ সালের ১০ই ডিসেম্বর পুলিশ প্রশাসন সংস্কারবিষয়ক কমিটিও র‌্যাব বিলুপ্তির সুপারিশ করে। এরই ধারাবাহিকতায় র‌্যাবে কাঠামো ও কর্মপরিধি পুনর্বিন্যাস করে নতুন পরিচয়ে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ গঠন করা হয়েছে।