গাজীপুর জেলা পরিষদে বর্তমান সরকারের আমলের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে বুধবার জেলা পরিষদ কার্যালয়ে তদন্ত কার্যক্রম চালিয়েছে বিভাগীয় কমিশনারের কার্যালয়। অতিরিক্ত বিভাগীয় কমিশনার আজমুল হক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সেলিনা বানু তদন্ত করেন। এ সময় সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামকে এফডিআর ভাঙা, বরমী-বরামা খেয়াঘাটের ইজারাসহ বিভিন্ন অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয়। যাচাই করা হয় প্রয়োজনীয় নথিপত্রও। তদন্ত শেষে আজমুল হক জানান, অভিযোগগুলোর বিষয়ে দ্রুত প্রতিবেদন দেওয়া হবে। সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
জেলা পরিষদ সূত্র জানায়, গাজীপুর জেলা পরিষদের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের বিরুদ্ধে দৈনিক কালের কণ্ঠে ‘এফডিআর এর ৬২ কোটি টাকা সিইও’র কব্জায়’- শিরোনামে প্রকাশিত একটি সংবাদের বিষয়ে এবং গাজীপুর জেলা পরিষদের মালিকানাধীন বরমী, বরমা, সিংহশ্রী ও রায়েদ খেয়াঘাটের ইজারায় অনিয়মের অভিযোগে পৃথক তদন্ত হয়। অভিযোগকারীসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমাণাদি নিয়ে উপস্থিত থাকতে বলা হয়।
