এশিয়ান গেমসের এবারের আসরে ক্রিকেট ইভেন্টে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলতে নামছে বাংলাদেশ। আজ সকাল ৬টায় টাইগ্রেসদের প্রতিপক্ষ চীন। জাপানের আইচি প্রিফেকচারাল কোরোগি স্পোর্টস পার্কে হতে যাওয়া ম্যাচটি বৃষ্টির বাগড়া দেখা যেতে পারে। আর বৃষ্টির কারণে খেলা মাঠে না গড়ালে র্যাঙ্কিং বিবেচনায় সেমিফাইনালে চলে যাবে বাংলাদেশ।
এশিয়ান গেমসের আনুষ্ঠানিক পর্দা নামার আগেই ক্রিকেটীয় লড়াই শুরু হয়ে যাচ্ছে। শুরুর দিনেই বাংলাদেশ খেলবে চীনের বিপক্ষে। কিন্তু নাগোয়ার আবহাওয়া বৃষ্টিপ্রবল। শহরটিতে সেপ্টেম্বর মাসে প্রচুর বৃষ্টি হয়। আর বৃষ্টির কারণে গতকাল বাংলাদেশ দল ঠিকঠাক অনুশীলন করতে পারেনি। যদি বৃষ্টির কারণে কোয়ার্টার ফাইনালের লড়াই সুপার ওভারেও নিষ্পত্তি না হয়, তবে র্যাঙ্কিং বিবেচনা করবেন আম্পায়াররা। আইসিসির বর্তমান টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে। চীন আছে ৩৭ নম্বরে। ম্যাচ মাঠে গড়ানো একেবারেই সম্ভব না হলে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে বাংলাদেশ মাঠে না নেমে সেমিতে পৌঁছে যাবে।
