বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের আয়োজনে প্রথমবারের মতো মাঠে গড়াবে ওয়ারিয়র্স হ্যান্ডবল লীগ (পুরুষ)-২০২৬। আগামী ২০ থেকে ২২শে সেপ্টেম্বর পর্যন্ত টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে চারটি দল। দলগুলো হচ্ছে- বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার, বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ হ্যান্ডবল ‘এ’ দল। টুর্নামেন্টের ম্যাচগুলো হবে পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে।
লীগ পদ্ধতিতে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে। লীগ পর্ব শেষে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল চ্যাম্পিয়ন এবং দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল হবে রানার্সআপ। চ্যাম্পিয়ন দল পুরস্কার হিসেবে পাবে ৩০ হাজার টাকা। রানার্সআপ দল পাবে ২০ হাজার টাকা পুরস্কার। দেশের হ্যান্ডবল খেলোয়াড়দের নিয়মিত প্রতিযোগিতামূলক খেলার সুযোগ সৃষ্টি, তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় পর্যায়ে হ্যান্ডবলের বিকাশ ও প্রসারে এই লিগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
