পর্তুগিজ ফুটবলার দিয়েগো জোতার মৃত্যু নিয়ে কটূক্তি করে তীব্র সমালোচনার মুখে পড়ে সৌদি প্রো লীগের ক্লাব আল-তাউনের সমর্থকেরা। শেষ পর্যন্ত সেই ঘটনার জেরে বড় শাস্তিই পেতে হচ্ছে ক্লাবটিকে। ঘটনাটি ঘটে আল-হিলালের বিপক্ষে আল-তাউনের ৬-০ গোলের বিধ্বস্ত হওয়া এক ম্যাচে। সেই ম্যাচে জোতার ঘনিষ্ঠ বন্ধু ও আল-হিলালের পর্তুগিজ মিডফিল্ডার রুবেন নেভেসকে লক্ষ্য করে গ্যালারি থেকে কটূক্তি করা হয়। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান আল-নাসরের তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘লীগকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে এবং এ ধরনের সমর্থকদের আচরণের শাস্তি দিতে হবে।
এটা আর ফুটবল নয়। সীমারেখা ঠিক করে দিতে হবে। যারা এমন আচরণ করে, তাদের আর কখনো স্টেডিয়ামে ঢুকতে দেয়া উচিত নয়।’ জোতার শেষকৃত্যে কফিন বহনকারীদের একজন ছিলেন নেভেস নিজেই। ম্যাচ শেষে ঘটনার প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমি আশা করি, যারা এমন করেছে, তারা এরপর গিয়ে প্রার্থনা করবে না।’
বিষয়টি আমলে নিয়েছে প্রো লীগ কর্তৃপক্ষও। আল-হিলালের বিপক্ষে ম্যাচে জোতাকে নিয়ে আপত্তিকর স্লোগান দেওয়ার অভিযোগে আল-তাউনকে এক লাখ সৌদি রিয়াল জরিমানা করা হয়েছে। শুধু আর্থিক জরিমানাই নয়, ক্লাবটিকে তাদের পরবর্তী দুটি ঘরের ম্যাচও খেলতে হবে দর্শকশূন্য মাঠে।
