বিটিভিতে ‘বিবিসি জানালা’ অনুষ্ঠান উপস্থাপনা করে পরিচিতি পাওয়া অভিনেত্রী, মডেল ও উপস্থাপিকা সামিয়া আফরিন ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন। কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ায় চুল পড়ে যেতে পারে, এমনটা আগেই জানিয়েছিলেন চিকিৎসকরা। এবার চিকিৎসার এ পর্যায়ে এসে মাথা ন্যাড়া করেছেন তিনি। ন্যাড়া করার আগে ও পরের ছবি ফেসবুকে পোস্ট করে নিজের কঠিন সময়ের উপলব্ধির কথা জানিয়েছেন তিনি। সামিয়া লিখেছেন, কখনো ভাবিনি, জীবনে আবার এমন একটা সময় আসবে, যখন আমার মাথাটা আবার পুরোপুরি ন্যাড়া হয়ে যাবে। ছোটবেলায় হয়তো এমন হয়েছিল, তবে তখন বিষয়টি নিয়ে ভাবার মতো বয়স ছিল না। বড় হয়ে কোনো বিশেষ কারণ ছাড়া এভাবে চুল হারানোর অভিজ্ঞতা খুব কম মানুষেরই হয় বলে মনে করেন তিনি।
জীবনের সব পরিবর্তন নিজের পছন্দমতো হয় না- এ কথাও জানিয়েছেন সামিয়া। তার ভাষায়, কিছু বিষয় পছন্দের না হলেও মেনে নিতে হয়। কিছু পরিবর্তন সহজ না হলেও সেগুলো আপন করে নিতে হয়। নিজের ক্ষেত্রেও সেই পথেই হাঁটছেন বলে জানিয়েছেন তিনি। চুল থাকুক কিংবা না থাকুক, সৌন্দর্য শুধু আয়নায় দেখা যায় না- এমন উপলব্ধির কথাও জানিয়েছেন সামিয়া। তিনি লিখেছেন, আসল সৌন্দর্য হলো নিজেকে নিজের মতো করে গ্রহণ করতে পারা।
