বাংলা চলচ্চিত্রে প্রায় আড়াই দশক ধরে অভিনয় করছেন কোয়েল মল্লিক। ক্যারিয়ারের শুরু থেকেই চরিত্র নির্বাচনে সচেতন এই অভিনেত্রী বাণিজ্যিক সিনেমার পাশাপাশি ভিন্নধর্মী কাজেও নিজের অবস্থান তৈরি করেছেন। এবার বাংলা ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি। ইন্ডাস্ট্রি সূত্রের খবর, একটি বাংলা টেলিভিশন চ্যানেলে কোরিয়ান শো’র আদলে নতুন ধারাবাহিক নির্মিত হতে যাচ্ছে।
সেই ধারাবাহিকের বাংলা সংস্করণেই দেখা যাবে কোয়েলকে। তবে এখনো শো’টির নাম, চরিত্র কিংবা সম্প্রচারের সময়সূচি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বড় পর্দার তারকাদের ছোট পর্দায় কাজ করা নতুন নয়। তবে কোয়েল রিয়েলিটি শো নয়, ফিকশন ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনে আসছেন। এর আগে স্টার জলসার ‘কথা ও কাহিনী’ টকশো সঞ্চালনা করেছিলেন তিনি। সেদিক থেকে ধারাবাহিকে অভিনয় হবে তার প্রথম অভিজ্ঞতা। দ্বিতীয়বার মাতৃত্বের পর অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ডেও যুক্ত হয়েছিলেন কোয়েল।
পরবর্তী সময়ে সেই অধ্যায়েও বিরতি পড়ে। এদিকে, দেব কিংবা জিতের সঙ্গে তার জুটি বাঁধার গুঞ্জন শোনা গেলেও এবার ছোট পর্দার মাধ্যমেই প্রত্যাবর্তনের খবর সামনে এসেছে। ইন্ডাস্ট্রির অন্দরমহলে আলোচনা, কোরিয়ান শো’টির বাংলা সংস্করণ সনি চ্যানেলে সম্প্রচারিত হতে পারে। যদিও বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। কোয়েলের এই নতুন ইনিংস দর্শকদের মধ্যে কতোটা সাড়া ফেলে, সেটিই এখন দেখার বিষয়।
