জাতীয় দলকে বিদায় জানালেন ২০১৪ বিশ্বকাপের গোল্ডেনবুট জয়ী ফুটবলার

জাতীয় দলকে বিদায় জানালেন ২০১৪ বিশ্বকাপের গোল্ডেনবুট জয়ী ফুটবলার

ফন্ট সাইজ:

কলম্বিয়ার ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা হামেস রদ্রিগেস আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন। গতকাল আবেগঘন এক ভিডিও বার্তায় নিজের সিদ্ধান্ত জানান তিনি। ৩৫ বছর বয়সী এই মিডফিল্ডার সম্প্রতি ১৮ বছর পর দেশের ক্লাব ফুটবলে ফিরেছেন। যোগ দিয়েছেন অ্যাটলেটিকো নাসিওনালে। এরপরই জাতীয় দল নিয়ে গুঞ্জন উঠে। শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে অবসরের ঘোষণা দিলেন তিনি।

২০১১ সালের অক্টোবরে বলিভিয়ার বিপক্ষে অভিষেক হয় হামেসের। সেই ম্যাচেই জয়সূচক গোল করেছিলেন তিনি। এরপর ২০১২ সালের জুনে পেরুর বিপক্ষে করেন নিজের প্রথম আন্তর্জাতিক গোল। জাতীয় দলের হয়ে তিনটি বিশ্বকাপ খেলেন হামেস, ২০১৪, ২০১৮ এবং ২০২৬ সালে। সবচেয়ে স্মরণীয় ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ। সেবার ৫ ম্যাচে ৬ গোল করে জেতেন গোল্ডেন বুট। উরুগুয়ের বিপক্ষে তার অসাধারণ চেস্ট-ভলি গোলটি জিতে নেয় পুশকাস পুরস্কার। এই পারফরম্যান্সের সুবাদেই তিনি পাড়ি জমান রিয়াল মাদ্রিদে। কলম্বিয়ার জার্সিতে ১৩১ ম্যাচে ৩১ গোল করেছেন হামেস। দেশের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি দ্বিতীয়, শীর্ষে আছেন ৩৬ গোল নিয়ে রাদামেল ফালকাও। অ্যাসিস্টের দিক থেকে তিনি দলের ইতিহাসে সবার ওপরে। ২০২৪ কোপা আমেরিকায় অধিনায়ক হিসেবে দলকে ফাইনালে তোলেন হামেস। সেই আসরে ৬ অ্যাসিস্ট করে ছাড়িয়ে যান লিওনেল মেসির রেকর্ড। তবে ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে শিরোপা অধরাই থেকে যায়। চলতি বছরের বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচেই শেষ হয় তার আন্তর্জাতিক ক্যারিয়ার। নির্ধারিত ও অতিরিক্ত সময় গোলশূন্য থাকার পর টাইব্রেকারে হেরে বিদায় নেয় কলম্বিয়া। বিদায়ী বার্তায় হামেস বলেন, ‘অনেক বছর, অনেক ম্যাচ, আনন্দের অনেক মুহূর্ত এবং কঠিন সময় পেরিয়ে আমার মনে হচ্ছে জীবনের একটি অধ্যায় শেষ করার সময় এসেছে—কলম্বিয়া জাতীয় দলের সঙ্গে আমার পথচলা। এই জার্সি পরা ছিল স্বপ্ন, একই সঙ্গে ছিল বিশাল দায়িত্ব।’ কলম্বিয়ার ১০ নম্বর জার্সিকে নিজের পরিচয়ের সঙ্গে মিশিয়ে দেওয়া হামেস বলেন, ‘১০ নম্বর জার্সি ও অধিনায়কের আর্মব্যান্ড পরার সম্মান পেয়েছি। কলম্বিয়া কী প্রতিনিধিত্ব করে, সেই উপলব্ধি থেকে আমি সবসময় সম্মান ও দায়িত্বের সঙ্গে তা করার চেষ্টা করেছি। ভালো দিন ছিল, কঠিন দিনও ছিল; কিন্তু এই রংগুলোর জন্য গর্ব করা কখনো বন্ধ করিনি।’ হামেসের কিছুদিন আগেই জাতীয় দল থেকে অবসর নিয়েছেন তার সতীর্থ হুয়ান ফের্নান্দো কিন্তেরো।