মক্কার দিকে ছোড়া ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহীদের ড্রোন ভূপাতিত করার যে দাবি সৌদি নেতৃত্বাধীন জোট করেছে, তা প্রত্যাখ্যান করেছেন হুতিদের এক কর্মকর্তা।
গোষ্ঠীটির পলিটব্যুরোর সদস্য হাজেম আল-আসাদ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, মক্কাকে লক্ষ্য করে হামলার দাবি ‘পুরোনো ও চর্বিতচর্বণ মিথ্যা’।
এ ধরনের দাবি আগেও করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব ‘ভাঁওতাবাজিতে’ এখন আর কেউ বোকা বনে না।
এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট দাবি করে, হুতিদের ছোড়া একটি ড্রোন মক্কার আকাশসীমায় প্রবেশের আগেই সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনী সেটি ধ্বংস করেছে।
মক্কাকে লক্ষ্য করে হামলার অভিযোগ অবশ্য নতুন নয়। ২০১৭ সালেও সৌদি আরব দাবি করেছিল, হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মক্কার দিকে যাওয়ার পথে ভূপাতিত করা হয়েছে। ওই ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
