ত্রিদেশীয় সিরিজ খেলতে জুনিয়র টাইগ্রেসদের আমন্ত্রণ জানালো পাকিস্তান

ত্রিদেশীয় সিরিজ খেলতে জুনিয়র টাইগ্রেসদের আমন্ত্রণ জানালো পাকিস্তান

ফন্ট সাইজ:

আগামী মাসে মেয়েদের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। ঘরের মাঠে এবার বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে আতিথেয়তা দেবে দেশটি। তবে খেলাটি জাতীয় দলের নয়—লড়াই হবে বয়সভিত্তিক নারী ক্রিকেটারদের নিয়ে। আজ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রকাশ করেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা-পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের সূচি। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ২ অক্টোবর বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দিয়ে পর্দা উঠবে এই সিরিজের। ট্রিপল রাউন্ড-রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে তিনবার করে, ফলে লিগ পর্বেই হবে মোট ৯টি ম্যাচ। ফাইনালসহ মোট ১০ ম্যাচের সবগুলোই মাঠে গড়াবে ফয়সালাবাদে।

বাংলাদেশের সূচি অনুযায়ী, পাকিস্তানের বিপক্ষে উদ্বোধনী ম্যাচের পর ৫ অক্টোবর শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা। এরপর ৬ অক্টোবর ফের পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ৮ অক্টোবর দ্বিতীয় রাউন্ডে আবার মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। লিগ পর্বের শেষ দুই ম্যাচে ১১ ও ১৪ অক্টোবর যথাক্রমে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ।

সিরিজ ঘিরে প্রস্তুতিও শুরু হয়ে গেছে দলগুলোর। পিসিবি জানিয়েছে, শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল পাকিস্তানে পৌঁছাবে ২৮ সেপ্টেম্বর, আর বাংলাদেশ দল যাবে তার একদিন পর, ২৯ সেপ্টেম্বর। এরপর বাংলাদেশ-শ্রীলঙ্কার পাশাপাশি স্বাগতিক পাকিস্তানও ২৯ ও ৩০ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর ইকবাল স্টেডিয়ামে অনুশীলন সারবে। তার আগে ১৬ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ফয়সালাবাদে সিরিজ-পূর্ব প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ দল।

এই সিরিজের মধ্য দিয়ে একটি ঐতিহাসিক মুহূর্তেরও সাক্ষী হতে যাচ্ছে ফয়সালাবাদ স্টেডিয়াম—এই মাঠে এই প্রথম অনুষ্ঠিত হবে মেয়েদের কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। এর আগে গত বছর এই মাঠেই পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার মধ্যে ছেলেদের ওয়ানডে ম্যাচ হয়েছিল, যা ছিল ১৭ বছর পর এই ভেন্যুতে ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটের প্রত্যাবর্তন।

শুধু ঐতিহাসিক তাৎপর্যই নয়, তিন দলের জন্যই এই সিরিজ গুরুত্বপূর্ণ প্রস্তুতির সুযোগও বটে। ট্রিপল রাউন্ড-রবিন ফরম্যাটের কারণে প্রতিটি দলই পাবে সর্বোচ্চসংখ্যক ম্যাচ খেলার সুযোগ, যা কাজে লাগবে আসন্ন নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ও নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতিতে।

উল্লেখ্য, ২ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে এই ত্রিদেশীয় সিরিজের সবগুলো ম্যাচ। সবকটি ম্যাচই হবে দিনের আলোয়, শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়।