ভেনিজুয়েলার অ্যালেক্স সাআব যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের অভিযোগ স্বীকার করেছেন। তিনি দেশটির সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী। ফ্লোরিডার মায়ামির একটি আদালতে মঙ্গলবার তিনি এই দোষ স্বীকার করেন। সমঝোতার অংশ হিসেবে ৫৪ বছর বয়সী সাআবকে ১৯ কোটি ৫০ লাখ ডলার জরিমানা দিতে হবে। একই সঙ্গে তাকে মার্কিন তদন্তকারী কৌঁসুলিদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করার শর্ত মেনে নিতে হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
এই অপরাধের কারণে সাআবের সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে আগামী বছর নিউ ইয়র্কের আদালতে অস্ত্র ও মাদক সংক্রান্ত অভিযোগে বিচার শুরু হওয়ার কথা রয়েছে। মাদুরোর বিচারের আগে সাআবের এমন দোষ স্বীকার অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
গত মে মাসে ভেনিজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করেন। সাআবের বিরুদ্ধে অভিযোগ, তিনি ভেনিজুয়েলার দরিদ্র ও ক্ষুধার্ত মানুষের খাদ্য সহায়তা কর্মসূচি থেকে বিপুল অর্থ আত্মসাৎ করেছেন। পরবর্তীতে সেই অবৈধ অর্থ তিনি যুক্তরাষ্ট্রের ব্যাংক অ্যাকাউন্টগুলোতে পাচার করেন। যুক্তরাষ্ট্রে সাআবের বিরুদ্ধে এটি দ্বিতীয় ফৌজদারি মামলা। এর আগে ২০২০ সালে প্রায় ৩৫ কোটি ডলার পাচারের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে ২০২৩ সালে বন্দিবিনিময় চুক্তির আওতায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাকে ক্ষমা করেছিলেন।
