অনলাইন জুয়ার ভয়াবহ পরিণতি ও নেতিবাচক প্রভাব সম্পর্কে সমাজকে সচেতন করতে সোচ্চার হয়েছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিও’র মাধ্যমে তরুণ সমাজকে অনলাইন বেটিংয়ের প্রাণঘাতী ফাঁদ থেকে দূরে থাকার আকুল আহ্বান জানান তিনি। ভিডিওতে জুয়ার বাস্তব চিত্র ও ভয়াবহ পরিসংখ্যান তুলে ধরে সর্বমহলে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন এই অভিনেত্রী। প্রকাশিত ভিডিওতে চমক শিহাব নামের এক যুবকের করুণ অভিজ্ঞতার উদাহরণ দিয়ে জানান, মাত্র ১ হাজার টাকা সহজ আয়ের লোভে পড়ে জুয়া খেলা শুরু করে সে। পরবর্তীতে হারানো টাকা উদ্ধার ও জামানত দেয়ার অজুহাতে স্বজনদের থেকে ঋণ নিয়ে শেষ পর্যন্ত ১০ লাখ টাকা হারিয়ে সম্পূর্ণ সর্বস্বান্ত হয় ওই যুবক।
অভিনেত্রী ভিডিওতে জিইডির ২০২৬ সালের রিপোর্ট উল্লেখ করে জানান, বর্তমানে দেশে ৫০ লাখের বেশি মানুষ অনলাইন জুয়ায় আসক্ত, যা দ্রুত ঠেকাতে না পারলে ২০২৭ সালের মধ্যে ২ কোটি ছাড়ানোর আশঙ্কা রয়েছে। বর্তমানে এই অনলাইন জুয়ার বাজারমূল্য প্রায় ৮৩০ কোটি টাকা এবং ডিবি তদন্তে দৈনিক প্রায় ৫ কোটি টাকার অবৈধ লেনদেন শনাক্ত হওয়ার তথ্যও ভিডিওতে তুলে ধরেন তিনি।
এ ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার দৃষ্টিভঙ্গি উল্লেখ করে চমক জানান, জুয়া একটি ভয়াবহ জনস্বাস্থ্য ও পারিবারিক সংকট, যা নারী-পুরুষের মানসিক ক্ষতিসহ আত্মহত্যার ঝুঁঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। ভিডিওতে সামান্য টাকার বিনিময়ে বেটিং অ্যাপের প্রচারণা না চালাতে দেশের অন্যান্য তারকা ও ইনফ্লুয়েন্সারদের প্রতি আহ্বান জানান চমক। তিনি গুরুত্ব দিয়ে বলেন ‘সাইবার সিকিউরিটি অর্ডিন্যান্স ২০২৫’-এর ২০ নম্বর ধারা অনুযায়ী এটি একটি গুরুতর অপরাধ, যার সাজা সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড ও ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা। সবশেষে জুয়ার প্রলোভন ছেড়ে তরুণদের নিজস্ব দক্ষতা ও পরিশ্রমের ওপর ভরসা রাখার পরামর্শ দেন এই অভিনেত্রী।
